Swachh App: ছবি তুলে অভিযোগ জানালেই জঞ্জাল হবে সাফ! শনিবার থেকে ‘স্বচ্ছ অ্যাপ’ চালু করছে পশ্চিমবঙ্গ সরকার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যের পুর এলাকাগুলিকে পরিচ্ছন্ন রাখতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। শনিবার থেকেই চালু হতে চলেছে রাজ্য সরকারের নতুন ‘স্বচ্ছ অ্যাপ’। প্রাথমিকভাবে রাজ্যের ১০টি পুরসভায় পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
শুক্রবার সাংবাদিক বৈঠকে পুরমন্ত্রী জানান, আগামী তিন মাস এই অ্যাপের মাধ্যমে পরিষেবা ও ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার কাজ চলবে। তিনি বলেন, “এটি নতুন কোনও নিয়ম নয়। রাজ্যকে পরিচ্ছন্ন রাখতে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
এই ‘স্বচ্ছ অ্যাপ’-এর মাধ্যমে সাধারণ মানুষ পুর এলাকায় পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্ত নিয়মকানুন জানতে পারবেন। পাশাপাশি পুর-পরিষেবা নিয়ে কোনও অভিযোগ থাকলে সরাসরি অ্যাপের মাধ্যমেই তা জানানো যাবে। রাস্তায় পড়ে থাকা আবর্জনার ছবি তুলে আপলোড করেও অভিযোগ দায়ের করা যাবে বলে জানিয়েছে প্রশাসন। অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিভাগকে সক্রিয় রাখা হবে বলেও দাবি সরকারের।
পুরমন্ত্রী আরও জানান, আগামী আগস্ট মাস থেকে রাজ্যজুড়ে তিন মাসের সচেতনতামূলক প্রচার কর্মসূচি চালানো হবে। পাশাপাশি প্রতি ১০০ মিটার দূরত্বে ডাস্টবিন বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। তাঁর কথায়, “স্বচ্ছ ও আধুনিক বাংলার পথে আরও নতুন পদক্ষেপ হিসেবে স্বচ্ছ অ্যাপ চালু করবে সরকার। উন্নত বাংলা গড়ার কাজে এবার প্রযুক্তিই হবে সাধারণ মানুষের সবচেয়ে বড় সঙ্গী।”
সরকারি সূত্রে খবর, রাস্তা, নিকাশি, আবর্জনা সহ বিভিন্ন নাগরিক পরিষেবার সমস্যা এবার হাতের মুঠোয় সমাধানের চেষ্টা করা হবে এই অ্যাপের মাধ্যমে। এছাড়াও যেখানে সেখানে ময়লা ফেলা, থুতু ফেলা বা পানের পিক ফেললে জরিমানার ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী।
তবে এখনই কড়াকড়ি নয়। আগামী তিন মাস মানুষকে সচেতন হওয়ার সুযোগ দেবে সরকার। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে স্বচ্ছতা সংক্রান্ত নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে রাজ্য সরকার।

