‘পশ্চিমবঙ্গ থেকে শিল্প তাড়িয়েছে বামেরা’, আইআইটি খড়গপুর থেকে অভিযোগ প্রধানমন্ত্রী মোদীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে শিল্পায়নের ইতিহাসে বামফ্রন্ট সরকারের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার খড়গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি বা প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দিয়ে বাম আমলের শিল্পনীতিকে তীব্র আক্রমণ করেন তিনি। প্রধানমন্ত্রীর অভিযোগ, রাজনৈতিক মতাদর্শ ও শ্রমিক আন্দোলনের কারণে একসময় বাংলায় শিল্পের বিপুল সম্ভাবনা তৈরি হলেও তা কাজে লাগানো যায়নি। এমনকী সেমিকন্ডাক্টর শিল্পের একটি আন্তর্জাতিক সংস্থাকেও ভারত থেকে কার্যত দূরে সরিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
মোদী তাঁর বক্তব্যে ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টরের প্রসঙ্গ তুলে ধরেন। ষাটের দশকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেমিকন্ডাক্টর সংস্থার এশিয়ায় উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা ছিল। কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি। প্রধানমন্ত্রীর অভিযোগ, প্রায় পাঁচ দশক আগেই ভারতে সেমিকন্ডাক্টর শিল্প গড়ে ওঠার সুযোগ এসেছিল। কিন্তু লাল ঝান্ডার রাজনীতি ও শ্রমিক আন্দোলনের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়। পরবর্তী সময়ে মালয়েশিয়া এই শিল্পে গুরুত্বপূর্ণ জায়গা করে নেয়।
প্রধানমন্ত্রীর বক্তব্য, রাজনৈতিক সিদ্ধান্ত এবং শিল্পবান্ধব পরিবেশের অভাবে ভারত প্রযুক্তি ও উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিল। বাংলার ক্ষেত্রেও বিনিয়োগকারীদের আস্থা হারানোর অন্যতম কারণ হিসেবে বাম আমলের শিল্প পরিস্থিতিকে তুলে ধরেন তিনি। যদিও এই প্রকল্প বাস্তবায়িত না হওয়ার পিছনে কেন্দ্রীয় স্তরের নীতিগত ও প্রশাসনিক বাধার বিষয়টিও ঐতিহাসিক আলোচনায় উঠে এসেছে।
শুধু অতীতের সমালোচনা নয়, ভবিষ্যতের ভারত গড়ার লক্ষ্যও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়তে প্রযুক্তি, গবেষণা এবং উৎপাদন ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার উপর জোর দেন তিনি। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের নিজস্ব উৎপাদন ক্ষমতা বাড়ানোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, বর্তমানে মোবাইল ফোন, কম্পিউটার, গাড়ি, প্রতিরক্ষা সরঞ্জাম থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা—প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিক্ষেত্রেই সেমিকন্ডাক্টর চিপ অপরিহার্য। সেই কারণে এই শিল্পে বিনিয়োগ টানতে গত কয়েক বছরে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। গুজরাট ও অসমে চিপ উৎপাদন এবং প্যাকেজিং কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও বাস্তবায়নের পথে এগোচ্ছে।
খড়্গপুর আইআইটির প্ল্যাটিনাম জুবিলি মঞ্চ থেকে মোদীর এই বক্তব্যে বাংলার শিল্পায়ন নিয়ে রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেল। একদিকে বাম আমলের শিল্পনীতির সমালোচনা, অন্যদিকে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর শিল্প গড়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

