Saturday, November 21, 2026
Latestদেশ

রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে বড় ধাক্কা খেল বিজেপি! ৩৭টি জেলা পরিষদের মধ্যে ২৫টিতে এগিয়ে কংগ্রেস, পঞ্চায়েত সমিতির ৪১৯টির মধ্যে ২৬৫টিতে জয়ের পথে হাত শিবির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে বড়সড় ধাক্কা দিল কংগ্রেস। ২০২৬ সালের পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনায় রাজ্যের ৩৭টি জেলা পরিষদের মধ্যে ২৫টিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন অথবা এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপি মাত্র ১০টি জেলা পরিষদে এগিয়ে রয়েছে। বাকি দুটি জেলা পরিষদে নির্দল ও অন্যান্য রাজনৈতিক দলগুলি এগিয়ে রয়েছে অথবা নিজেদের শক্তিশালী অবস্থান বজায় রেখেছে।

একইভাবে ব্লক স্তরের পঞ্চায়েত সংস্থা পঞ্চায়েত সমিতির নির্বাচনেও বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে কংগ্রেস। মোট ৪১৯টি পঞ্চায়েত সমিতির ফলাফল গণনার মধ্যে কংগ্রেস ২৬৫টিতে জয়লাভ করেছে অথবা এগিয়ে রয়েছে। অন্যদিকে, বিজেপি ৭৭টি পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করেছে অথবা এগিয়ে রয়েছে। বাকি ৭৭টি পঞ্চায়েত সমিতিতে নির্দল ও অন্যান্য দলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

মোট ১,২৭৫টি জেলা পরিষদ ওয়ার্ডের মধ্যে এখনও পর্যন্ত ৭৫৪টির ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে কংগ্রেস জয়ী হয়েছে ৪৪৭টি আসনে। বিজেপি পেয়েছে ২৪৭টি আসন এবং অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছেন ৬০টি আসনে।

অন্যদিকে, ৭,২৯২টি পঞ্চায়েত সমিতির সদস্য পদে প্রাপ্ত ফলাফলের মধ্যে কংগ্রেস জয়ী হয়েছে ৩,৬৪২টি আসনে। বিজেপি পেয়েছে ২,১৫৬টি আসন এবং অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছেন ১,৪৯৪টি আসনে।

শুক্রবার সকালে সংশ্লিষ্ট জেলাগুলির সদর দফতরে ভোটগণনা শুরু হয়। গণনা চলাকালীন কংগ্রেসের এই সাফল্যে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, রাজস্থানের ৪১টি জেলা পরিষদের মধ্যে ৩৭টি এবং ৪৫৭টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৪১৯টির নির্বাচনের ভোটগণনা হচ্ছে। এই নির্বাচনে জেলা পরিষদের ৪,০৬৯ জন এবং পঞ্চায়েত সমিতির সদস্য পদের জন্য ২৫,১০৮ জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে।

তবে কোটা, বারান, করৌলি এবং শ্রীগঙ্গানগর জেলার চারটি জেলা পরিষদ ও ৩৮টি পঞ্চায়েত সমিতির ভোটগণনা হবে আগামী ১৭ ডিসেম্বর। সংশ্লিষ্ট নির্বাচিত সংস্থাগুলির কার্যকালের মেয়াদ আগামী মাসে শেষ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, নির্বাচনে কংগ্রেসের উল্লেখযোগ্য সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই দলের রাজ্য সদর দফতরে উৎসবের পরিবেশ তৈরি হয়। উচ্ছ্বসিত দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টি বিতরণ শুরু হয়।