Sunday, November 22, 2026
Latestদেশ

মুম্বাইয়ে অবৈধ অনুপ্রবেশকারী পাকড়াও করতে বড়সড় অভিযান পুলিশের, গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহারাষ্ট্রের মুম্বইয়ের ঘাটকোপার ওয়েস্ট এলাকায় অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে ৭ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, ধৃতরা গত ১০ মাস ধরে কোনও বৈধ নথি ছাড়াই ভারতে বসবাস করছিলেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘাটকোপার পুলিশের অ্যান্টি টেররিজম সেল জাগৃতি নগর এলাকার দিশা হাসপাতালের কাছে সন্ত তুকারাম ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।

মোবাইলে মিলেছে বাংলাদেশের পরিচয়পত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মোবাইল ফোন থেকে বাংলাদেশের জন্ম শংসাপত্র, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশের মোবাইল নম্বর উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে। তারা ডোম্বিভলি ওয়েস্টের গরিবাচা ওয়াড়া এলাকায় বসবাস করছিলেন বলে জানা গিয়েছে।

ধৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এ ধরনের অবৈধ বসবাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

মুম্বইয়ে MHADA-র ১১০টি ফ্ল্যাট দখলের অভিযোগ

এর আগে মুম্বইয়ের অ্যান্টপ হিল এলাকায় MHADA-র ১১০টি ফ্ল্যাট বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দখলে থাকার অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা কিরীট সোমাইয়া। তাঁর অভিযোগ, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (EWS) মানুষের জন্য বরাদ্দ ওই ফ্ল্যাটগুলিতে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা বসবাস করছেন। এ বিষয়ে প্রমাণসহ অভিযোগ দায়ের করে তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি।

হিন্দুদের নামে আবেদন, পরে পাওয়ার অফ অ্যাটর্নি?

কিরীট সোমাইয়ার দাবি, ওই ১১০টি ফ্ল্যাটের জন্য প্রথমে হিন্দুদের নামে আবেদন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা কার্যত ফ্ল্যাটগুলির সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ।

অবিনাশের বরাদ্দ করা ফ্ল্যাটে মুনসুরির দখলের অভিযোগ

উদাহরণ হিসেবে কিরীট সোমাইয়া দাবি করেছিলেন, অবিনাশ রবিধোনের নামে একটি ফ্ল্যাট বরাদ্দ করা হলেও পরবর্তীতে সেটি মুনসুরি জুনেইদ মহম্মদ দখল করেন।

একইভাবে অন্যান্য ফ্ল্যাটের ক্ষেত্রেও সাজিদ আলি কাদির আবদুল বাতি, শাকিল আহমেদ সিদ্দিকি, রিজওয়ান মহম্মদ হুসেন, নাসরিন রমজান শেখ, মুনিরা রিজওয়ান, খান সদ্দাম হুসেন, মহম্মদ জাহাঙ্গির শেখ, মুজমিল শেখ, আনসারি হাফিজুর এবং মহম্মদ সিদ্দিকি শেখের বিরুদ্ধে ফ্ল্যাট দখলের অভিযোগ তুলেছিলেন তিনি।

তবে MHADA-র ১১০টি ফ্ল্যাট সংক্রান্ত অভিযোগগুলির সত্যতা তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া এখনও বাকি।