কেরলে ২০০৮ সালে RSS কর্মী খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ১১ সিপিআই(এম) কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেরলের তিরুবনন্তপুরমে ২০০৮ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) কর্মী রঞ্জিতকে খুনের মামলায় দু’জনকে দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জেলা দায়রা আদালত। পাশাপাশি, এই মামলায় দোষী সাব্যস্ত আরও ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেক দোষীকে ১ লক্ষ টাকা করে জরিমানাও দিতে হবে।
গত ১৮ নভেম্বর এই সাজা ঘোষণা করে তিরুবনন্তপুরম জেলা দায়রা আদালত। দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে প্রথম অভিযুক্ত সিপিআই(এম) সদস্য আম্বালামুক্কু কৃষ্ণকুমার এবং ১১ নম্বর অভিযুক্ত গোপালন সুরেশকে। ঘটনার ১৮ বছর পর এই রায় ঘোষণা করা হল।
২০০৮ সালের ১৭ অক্টোবর মান্নানথালায় নিজের বেকারিতে ২৭ বছর বয়সি RSS কর্মী রঞ্জিতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। তদন্তকারীদের দাবি, ওই বছরের এপ্রিল মাসে সিপিআই(এম) কর্মী বিষ্ণু ওরফে ভাঞ্চিয়ুর বিষ্ণু খুনের প্রতিশোধ নিতেই রঞ্জিতকে হত্যা করা হয়েছিল। বিষ্ণু খুনের মামলায় রঞ্জিত ছিলেন তৃতীয় অভিযুক্ত। যদিও পরবর্তীকালে কেরল হাইকোর্ট বিষ্ণু হত্যা মামলার ১৩ জন অভিযুক্তকেই বেকসুর খালাস করে দেয়।
রিপোর্ট অনুযায়ী, রঞ্জিতের শরীরে ৪৭টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল।
রঞ্জিত হত্যা মামলায় মোট ১২ জন অভিযুক্ত ছিল। গত ১৭ নভেম্বর আদালত তাঁদের মধ্যে ১১ জনকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করে। দ্বিতীয় অভিযুক্ত পালকুলাঙ্গারার বাসিন্দা নারায়ণন ঘটনার পর থেকেই পলাতক থাকায় তাঁর বিচার হয়নি।
মামলার শুনানি চলাকালীন প্রসিকিউশনের এক সাক্ষী পুলিশকর্মী গণেশ কাছে জমা থাকা গুরুত্বপূর্ণ প্রমাণও আদালতে পেশ করেননি বলে অভিযোগ। এই ঘটনায় ওই পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ দফতরের কাছে আবেদন জানানোর পরিকল্পনা করছে প্রসিকিউশন।

