Monday, November 23, 2026
Latestরাজ্য​

হিলিতে সরকারি জমিতে অবৈধ নির্মাণ, বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো ৫ বাংলাদেশির বাড়ি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পালাবদলের পর এবার উত্তরপ্রদেশ ও অসমের কায়দায় সরকারি জমি দখলমুক্ত করতে বুলডোজার অভিযান চালালো পশ্চিমবঙ্গ প্রশাসন। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের হিলিতে বাংলাদেশি নাগরিকদের তৈরি একটি টিনের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় হিলি থানার পুলিশ ও প্রশাসন। পূর্ত দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে প্রায় এক ঘণ্টা ধরে এই অভিযান চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৩ তারিখ রাতে ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকার শিবাজি সংঘের কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে অশান্তি বাধে। ঘটনার তদন্তে নেমে ১৪ তারিখ সকালে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করে হিলি থানার পুলিশ।

তদন্তে পুলিশের দাবি, ওই ৫ বাংলাদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশ করে সরকারি জমি দখল করে সেখানে বসবাস করছিলেন। এরপর তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয় এবং সরকারি জমি দখলমুক্ত করার আইনি প্রক্রিয়া শুরু করে প্রশাসন।

সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই রবিবার বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় জমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

এদিন স্থানীয় বাসিন্দা রাজু মহন্তের দাবি, ‘অভিযুক্তরা প্রায় ৭ বছর ধরে হিন্দু পরিচয়ে এলাকায় বসবাস করছিলেন। কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে অশান্তির পর বিষয়টি সামনে আসে। এই পদক্ষেপে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাই।’