খুলনা রেলস্টেশনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফের কালি লেপন, দ্বিতীয়বারের ঘটনায় চাঞ্চল্য
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের খুলনা রেলস্টেশনের দেওয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফের কালো কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। দ্বিতীয়বারের এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে।
জানা গিয়েছে, গত ৫ নভেম্বর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা প্রথমবার রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালো কালি লেপে দেয়। ঘটনার পর খুলনা সিটি কর্পোরেশন (KCC) কর্তৃপক্ষ প্রতিকৃতিটি নতুন করে রং করিয়ে সংস্কার করে। কিন্তু সেই সংস্কারের কয়েক দিনের মধ্যেই ফের একই ঘটনা ঘটল।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লোকমান হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনার খবর পেয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, শহরের সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হিসেবে খুলনা রেলস্টেশনের দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, লোকসংগীত সাধক ফকির লালন শাহ, শিল্পী এস এম সুলতান এবং কবি মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতিও আঁকা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে।
প্রথমবার প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নিন্দা জানিয়েছিল এবং সেটি পুনরায় আঁকার ব্যবস্থা করেছিল। তবে এখনও পর্যন্ত কোনও ঘটনার ক্ষেত্রেই অভিযুক্তদের পরিচয় জানা যায়নি।

