Sunday, November 22, 2026
Latestখেলা

নিউজিল্যান্ড টেস্টে সিরাজকে না নেওয়া নিয়ে বিতর্ক, মুখ খুললেন কপিল দেব

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট ম্যাচে ভারতীয় পেসার মহম্মদ সিরাজকে প্রথম একাদশে জায়গা না দেওয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের বৈষম্যের অভিযোগের মাঝেই এ বিষয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তাঁর বক্তব্য, সিরাজকে দলে না নেওয়ার বিষয়ে মন্তব্য করার এক্তিয়ার তাঁর নেই। তবে তিনি মনে করেন, নির্বাচকরা যথেষ্ট ভালো কাজ করছেন।

ইমরান মাসুদের অভিযোগ ছিল, ভালো পারফরম্যান্স সত্ত্বেও মহম্মদ সিরাজকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি। শুধু তাঁর নামের কারণেই তাঁকে উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেন কংগ্রেস সাংসদ।

এই অভিযোগ প্রসঙ্গে কপিল দেব বলেন, “নির্বাচকদের জিজ্ঞাসা করুন। আমি কেউ নই। যাঁদের এই দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদেরই এ বিষয়ে উত্তর দেওয়া উচিত। আমার মনে হয়, তাঁরা খুব ভালো কাজ করছেন। সবাইকে খুশি করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “কোনও ব্যবস্থার সমালোচনা করা উচিত নয়, কারণ একটি নির্দিষ্ট পদ্ধতি মেনেই সেই ব্যবস্থা পরিচালিত হয়। ভারতীয় ক্রিকেট ভালো করছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিরাজকে আমি পছন্দ করি। কিন্তু দল নির্বাচনের দায়িত্ব নির্বাচক, ম্যানেজার এবং অধিনায়কের। আমাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের চেয়ে সংগঠন কীভাবে পরিকল্পনা করছে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।”

অন্যদিকে, সিরাজকে দলে না নেওয়ার ঘটনায় বৈষম্যের অভিযোগ তুলে ইমরান মাসুদ বলেন, “শোনা যাচ্ছে, ভালো পারফরম্যান্স সত্ত্বেও তাঁকে দলে জায়গা দেওয়া হয়নি। তাঁর নাম সিরাজ, আর সেই কারণেই তাঁকে সুযোগ দেওয়া হয়নি। ভালো পারফরম্যান্সের পরেও যদি তাঁকে নির্বাচন না করা হয়, তাহলে বৈষম্য স্পষ্ট।”

তবে কংগ্রেস সাংসদের এই অভিযোগ সরাসরি খারিজ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশে কাউকে ধর্ম বা জাতের ভিত্তিতে সুযোগ থেকে বঞ্চিত করা হয় না। যোগ্যতার ভিত্তিতেই প্রত্যেককে সুযোগ দেওয়া হয়।

রিজিজুর কথায়, “আমাদের দেশে ধর্ম বা জাতের ভিত্তিতে কাউকে বৈষম্যের শিকার হতে হয় না। সুযোগ দেওয়া হয় যোগ্যতার ভিত্তিতে। কারও ধর্ম বা জাতের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কেউ যদি এমনটা মনে করেন, তাহলে তা সঠিক নয়।”