তিলজলার থানার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ NCPCR প্রধান প্রিয়াঙ্ক কানুনগোর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: তিলজলায় শিশুকন্যা খুনের অভিযোগে উত্তাল। ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে তিলজলায় আসেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো (Priyank Kanoongo)। বিষয়টি নিয়ে কথা বলার সময় তিলজলা থানায় পুলিশ আধিকারিক বিশাখ মুখার্জী (Biswak Mukherjee) তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। পাশাপাশি, তাঁকে ধাক্কা মারেন বলেও অভিযোগ।
ঘটনায় টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন প্রিয়াঙ্ক কানুনগো। টুইটে তিনি লিখেছেন, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা যখন তিলজলার কান্ডের তদন্ত করছিলেন তখন পুলিশকর্মীরা তার ভিডিও রেকর্ডিং করছিলেন। তিনি তার প্রতিবাদ করতেই বিশাখ মুখার্জি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি তাকে ধাক্কা মারেন বলেও অভিযোগ।
এনসিপিসিআর তিলজলায় নাবালিকা খুনের বিষয়ে তদন্ত চালাচ্ছিল। মেয়েটি চলতি মাসের শুরুতে নিখোঁজ হয়। পরে তিলজলার একটি ফ্ল্যাটে বস্তার ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় অলোক কুমার নামে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার পর কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। শহরের তিলজলা এলাকায় বিক্ষোভকারীরা গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।
