Monday, April 20, 2026
Latestরাজ্য​

‘পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান মমতা, জামাতের হাতে ক্ষমতা তুলে দিতে চান’, মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের উত্তাল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কেন্দ্র করে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একের পর এক কড়া আক্রমণ শানান। এই প্রসঙ্গে শুভেন্দুর অভিযোগ, “মুখ্যমন্ত্রী অনৈতিক ও দেশবিরোধী মন্তব্য করেছেন।”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “যে ভাষায় উনি বক্তব্য রেখেছেন, তাতে দেশকে ছোট করা হয়েছে। বিদেশমন্ত্রক নিয়ে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর বলার অধিকার নেই, এটা শুধুমাত্র কেন্দ্র সরকারের এখতিয়ার। উনি চান পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হোক। জামাতের হাতে ক্ষমতা তুলে দিতে চান। রোহিঙ্গা ও বাংলাদেশের মুসলিমদের রক্ষা করার খেলায় বাংলার মানুষ কোনওদিন ভরসা রাখবে না। যারা দেশকে ছোট করে, তারা ভারতপ্রেমী হতে পারে না।”

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীনই তিনি বিজেপিকে ‘চোর চোর’ বলে তীব্র আক্রমণ করেন। পাল্টা বিরোধী বেঞ্চ থেকেও উঠে আসে একই স্লোগান—‘চোর চোর’। মুহূর্তের মধ্যে বিধানসভার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

বিরোধীদের বিক্ষোভ আরও বাড়তে থাকায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কঠোর পদক্ষেপ নেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ, অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল এবং মিহির গোস্বামীকে সাসপেন্ড করা হয়।

ফলে অধিবেশন অন্দরে তৃণমূল ও বিজেপির সংঘাত নতুন মাত্রা পায়। একদিকে শুভেন্দু অধিকারীর অভিযোগে মুখ্যমন্ত্রী দেশবিরোধী মন্তব্য করেছেন, অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি পরিকল্পিতভাবে হট্টগোল তৈরি করছে।