Friday, March 13, 2026
দেশ

রাম মন্দির তৈরির জন্য জমা পড়েছে ১৫১১ কোটি টাকা

লখনউ: কোটি কোটি মানুষের স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। অয্যোধ্যায় শুরু হয়েছে রাম মন্দির তৈরির কাজ। গত মাস থেকে অর্থ সংগ্রহের কাজ শুরু হয়েছে। শুক্রবার রাম মন্দিরের (Ram Mandir in Ayodhya) তহবিল সংক্রান্ত ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দদেব গিরি মহারাজ জানিয়েছেন, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত রাম মন্দির তৈরির জন্যে জমা পড়েছে ১ হাজার ৫১১ কোটি টাকা।

বিশ্ব হিন্দু পরিষদ এই অর্থ সংগ্রহের কাজ করছে। গত ১৫ জানুয়ারি, মকর সংক্রান্তির দিন থেকে শুরু হওয়া এই অভিযান গোটা দেশজুড়ে চলছে। ৩০ দিনের কম সময়ে ব্যাপক সাড়া মিলেছে। ট্রাস্টের (Shri Ram Janmbhoomi Teerth) তরফে এর আগে জানানো হয়েছিল, রাম মন্দির নির্মাণে ১১০০ কোটি টাকা প্রয়োজন। তবে সেই অঙ্ক বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা প্রকল্প এলাকার আশপাশে জমি কেনার পরিকল্পনা করা হয়েছে। যার ফলে খরচ আরও বাড়তে পারে।

উল্লেখ্য, মন্দির তৈরির অর্থ সংগ্রহের জন্যে দেশের ৪ লাখ গ্রাম ও ১১ কোটি পরিবারের কাছে পৌঁছে যাবে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদের ভাইস প্রেসিডেন্ট চম্পত রাই জানিয়েছেন, মন্দির নির্মাণের জন্য সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে এসেছেন। বিশ্ব হিন্দু পরিষদের প্রায় দেড় লাখ কর্মী বাড়ি বাড়ি গিয়ে অনুদান সংগ্রহ করছে।

চম্পত রাই জানান, আগামী ৩৬ মাসের মধ্যে রাম মন্দির তৈরির কাজ শেষ করা হবে। পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে। অনুদান সংগ্রহের জন্যে ভারতীয় স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদায় অ্যাকাউন্ট খুলেছে রাম মন্দির ন্যাস।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।