Thursday, April 30, 2026
Latestদেশ

দেশজুড়ে ১০ কোটিরও বেশি পরিবারের সঙ্গে গৃহ সম্পর্ক অভিযান, ৬,০০০ নতুন শাখা খুলেছে RSS

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত এক বছরের কাজের মূল্যায়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করতে হরিয়ানায় গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS)। ১৩ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত হরিয়ানার পানিপথ জেলার সমলখায় অনুষ্ঠিত হবে সংঘের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা ‘অখিল ভারতীয় প্রতিনিধি সভা’ (ABPS)। তিন দিনব্যাপী এই বৈঠকে সংঘ প্রধান মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে সহ সংগঠনের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে আরএসএস-এর অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর এই বৈঠক সম্পর্কে বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংঘ ও তার সহযোগী সংগঠনগুলির প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন।

প্রায় দেড় হাজার প্রতিনিধি উপস্থিত থাকবেন 

সুনীল আম্বেকর জানান, বৈঠকে সংঘ প্রধান মোহন ভাগবত ছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং আরএসএস-এর ৩২টি সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। মোট ১,৪৮৭ জন প্রতিনিধি এতে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

শতবর্ষ উদযাপন ঘিরে আলোচনা

চলতি বছর আরএসএস তাদের প্রতিষ্ঠার শতবর্ষে পা দিচ্ছে। সেই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গৃহসম্পর্ক অভিযান, হিন্দু সম্মেলন, যুব সম্মেলন এবং সামাজিক সম্প্রীতি সভা—এই সব উদ্যোগের অগ্রগতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। সংঘের দাবি, ‘গৃহসম্পর্ক’ অভিযানের মাধ্যমে ইতিমধ্যেই দেশজুড়ে ১০ কোটিরও বেশি পরিবারের কাছে পৌঁছাতে পেরেছেন তাদের স্বেচ্ছাসেবকরা।

বেড়েছে শাখার সংখ্যা

গত এক বছরে আরএসএস-এর সাংগঠনিক বিস্তারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান সুনীল আম্বেকর। তাঁর বক্তব্য, গত এক বছরে সারা দেশে প্রায় ৬,০০০ নতুন শাখা খোলা হয়েছে। বৈঠকে এই বৃদ্ধি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে।

তিনি আরও বলেন, আগামী বছরের কর্মসূচি ও সংগঠনের প্রশিক্ষণ শিবির—সংঘ শিক্ষা বর্গ এবং কার্যকর্তা বিকাশ বর্গ—নিয়ে রূপরেখাও এই বৈঠকে নির্ধারিত হবে।

অনলাইনেও আগ্রহ বাড়ছে

সংঘের তথ্য অনুযায়ী, জানুয়ারি ২০২৫ থেকে এখন পর্যন্ত প্রায় ২৬,৪৪৫ জন ব্যক্তি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে RSS-এ যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ডিজিটাল মাধ্যমেও সংগঠনের প্রতি আগ্রহ বাড়ছে বলে দাবি সংঘের।

গুরু রবিদাসের জন্মবার্ষিকী পালনের পরিকল্পনা

এছাড়াও বৈঠকে গুরু রবিদাসের ৬৫০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন নিয়ে আলোচনা হবে। সংঘের পরিকল্পনা অনুযায়ী, ফেব্রুয়ারি ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত দেশজুড়ে তাঁর জীবন ও আদর্শ প্রচারের কর্মসূচি গ্রহণ করবেন স্বেচ্ছাসেবকরা।

হরিয়ানার সমলখায় অনুষ্ঠিত হতে চলা এই বার্ষিক বৈঠককে আরএসএস-এর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এখানেই সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা এবং শতবর্ষ উপলক্ষে নেওয়া কর্মসূচিগুলির চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হবে।