Thursday, April 30, 2026
Latestরাজ্য​

RN Ravi: আজ শপথ নেবেন নতুন রাজ্যপাল আর এন রবি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ একটি গুরুত্বপূর্ণ দিন। আজ নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন আর এন রবি (R. N. Ravi)। কলকাতার রাজভবনে অনুষ্ঠিত হবে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ রাজ্যের একাধিক মন্ত্রী, প্রশাসনিক আধিকারিক এবং রাজনৈতিক নেতাদের। শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম (T. S. Sivagnanam)।

কূটনৈতিক মহলের মতে, আর এন রবির দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এবং তিনি রাজ্যের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।

নতুন রাজ্যপাল আর এন রবি দীর্ঘদিন প্রশাসন ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি একজন প্রাক্তন আইপিএস অফিসার এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায়ও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পরে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দপ্তরের সঙ্গেও যুক্ত ছিলেন। এর আগে নাগাল্যান্ড ও পরে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

তবে তাঁর নিয়োগকে ঘিরেও রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে সমালোচনা করে বলেছেন, কেন্দ্র বাংলার রাজভবনকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে। এমনকি তিনি নতুন রাজ্যপালকে কটাক্ষ করে ‘বিজেপির ক্যাডার’ বলেও মন্তব্য করেছেন। এই মন্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সব মিলিয়ে আজকের শপথগ্রহণ অনুষ্ঠান শুধুমাত্র একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং তা রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে সামনে যখন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, তখন নতুন রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক কেমন হয় এবং প্রশাসনিক ক্ষেত্রে তাঁর ভূমিকা কী দাঁড়ায় , সেদিকেই এখন নজর থাকবে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।