বাংলাদেশ হয়ে ভারতে ঢোকার চেষ্টা, নদিয়া সীমান্ত থেকে গ্রেফতার আফগান নাগরিক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহের মধ্যেই বাংলার সীমান্তে ধরা পড়লেন এক আফগান নাগরিক। নদিয়ার ভারত–বাংলাদেশ সীমান্ত থেকে তাকে গ্রেফতার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধৃতের নাম আলজাহি মুসাফার। তার বাড়ি আফগানিস্তানের নিমরোজ প্রদেশে। কেন তিনি ঘুরপথে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে নদিয়ার ফতেপুর সীমান্ত এলাকা দিয়ে ওই ব্যক্তি ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। টহলরত বিএসএফ জওয়ানদের নজরে আসে ঘটনাটি। সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তখনই জানা যায়, তার কাছে ভারতে প্রবেশের কোনও বৈধ কাগজপত্র নেই। এমনকি বাংলাদেশেরও কোনও পরিচয়পত্র বা নথি পাওয়া যায়নি।
প্রাথমিক জেরার পর রাতেই ধৃতকে নদিয়ার হাঁসখালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার তাকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তকারীদের মতে, আফগানিস্তান থেকে তিনি কীভাবে বাংলাদেশে পৌঁছালেন এবং সেখান থেকে কেন ভারতীয় সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন—এই প্রশ্নগুলিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাকে এই কাজে কেউ সাহায্য করেছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দারা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা নিয়ে সতর্ক রয়েছে নিরাপত্তা বাহিনী। জঙ্গি বা নাশকতার কোনও সম্ভাবনা রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ধৃতকে আরও জেরা করে পুরো ঘটনার নেপথ্যের কারণ জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
ছবি কৃতজ্ঞতা: এই সময়


