Wednesday, April 15, 2026
দেশ

পাঠ্য বই থেকে মুঘলদের ইতিহাস বাদ দিল যোগী সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এখন থেকে উত্তরপ্রদেশের স্কুলে আর মুঘলদের ইতিহাস পড়ানো হবে না। যোগী সরকারের এই সিদ্ধান্ত ইউপি বোর্ড এবং সিবিএসই বোর্ড উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

ইউপি বোর্ড এবং সিবিএসই বোর্ড ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পাঠ্যক্রমে সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। ইতিহাস বই থেকে মুঘলদের ইতিহাস মুছে ফেলা হয়েছে।

একাদশ শ্রেণির ইতিহাস বই থেকে ইসলামের উত্থান সহ বিভিন্ন বিষয় বাদ দেওয়া হয়েছে। নাগরিক বিজ্ঞান বই থেকে ঠান্ডা যুদ্ধ এবং আমেরিকান আধিপত্য বাদ দেওয়া হয়েছে। দ্বাদশ শ্রেণির বইয়ের ভারতীয় ইতিহাস-২ থেকে মুঘল দরবার এবং শাসক বিষয়টি বাদ দেওয়া হয়েছে।

বেশ কয়েকটি নতুন নতুন বিষয়ও যুক্ত করা হয়েছে সিলেবাসে। এর মধ্যে রয়েছে কংগ্রেসের শাসন, সোস্যালিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, বিজেপির কথা।

উত্তরপ্রদেশের বিজেপি শাসিত সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। তারা এই সিদ্ধান্তকে তুঘলকি সিদ্ধান্ত বলে অভিহিত করেছে।

উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তরপ্রদেশের যোগী সরকার মুঘলদের নামে বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করে দিয়েছেন। এবার সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হলো মুঘল সম্রাটদের ইতিহাস।