Friday, April 17, 2026
খেলা

টোকিও অলিম্পিক: জার্মানিকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ পদক জিতল ভারত

টোকিও: জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ হকি দল। যার ফলে হকিতে ৪১ বছর পর পদক জয় ভারতের। এর আগে ১৯৮০ সালে হকিতে পদক জিতেছিল ভারত। অলিম্পিকের ইতিহাসে সব মিলিয়ে হকিতে এটি ভারতের ১২তম পদক জয়।

বৃহস্পতিবার ব্রোঞ্জ পদক ম্যাচে জার্মানির বিরুদ্ধে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ২ মিনিটেই জার্মানির অধিনায়ক তোবিয়াস হউকে গোল করেন। প্রথম কোয়ার্টারের জার্মানি এগিয়ে থাকে ১-০ গোলে। দ্বিতীয় কোয়ার্টারের ১৭ মিনিটে ভারতের হয়ে দুর্দান্ত গোল করেন সিমরনজিত্‍ সিং। খেলার ফল ১-১।

দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে গোল খেল ভারত। বেনেডিক্ট ফার্কের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। ২৫ মিনিটে দেড় মিনিটের কম সময়ে নিকলাস ওয়েলেন গোল করেন। খেলার ফল ৩-১। ২৭ মিনিটে গোল করে ভারতের হার্দিক সিং। ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ফের গোল করেন হরমনপ্রীত সিং। খেলার ফল ৩-৩।

তৃতীয় কোয়ার্টারের ৩১ মিনিটে গোল করেন রূপিন্দর সিং। ৪-৩ গোলে এগিয়ে যায় ভারত। ৩৪ মিনিটে সিমরনজিত্‍ সিং গোল করেন। ভারত এগিয়ে যায় ৫-৩ গোলে। ৪৮ মিনিটে গোল করে জার্মানি। খেলার ফল ভারত ৫ – জার্মানি ৪। অলিম্পিকে পদক জয় ভারতীয় হকি দলের।

৪১ বছর পর ভারতের হকিতে পদক জয়ের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। টুইটারে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সাধারণ মানুষ।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।