‘স্বামী বিবেকানন্দ, নেতাজি ও রবীন্দ্রনাথের ভূমি আজ মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে’, তৃণমূলকে উৎখাতের ডাক যোগীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আসন্ন বিধানসভা ভোটকে (West Bengal Assembly Election 2026) সামনে রেখে জোরদার প্রচারে নেমেছে বিজেপি। সেই প্রচারের অংশ হিসেবেই বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের বারাবনি বিধানসভায় দলের প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে জনসভা করেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সভা থেকে তিনি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান এবং রাজ্য থেকে উৎখাতের ডাক দেন।
পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের আছড়া গ্রামে আয়োজিত ওই জনসভায় যোগী প্রথমেই বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলা ভারতের চেতনার পুণ্যভূমি, যে মাটি দেশকে জাতীয় সংগীত ও জাতীয় স্তোত্র উপহার দিয়েছে। স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda), নেতাজি সুভাষচন্দ্র বসু (Subhas Chandra Bose) এবং রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) মতো মনীষীদের স্মরণ করে তিনি অভিযোগ করেন, সেই বাংলা আজ ‘মাফিয়াদের স্বর্গরাজ্যে’ পরিণত হয়েছে।
তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, সিন্ডিকেট রাজ এবং মাফিয়াদের দৌরাত্ম্য বৃদ্ধির অভিযোগ তোলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘বালি, কয়লা ও জমি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে শাসক দলের নেতাদের মদতে সিন্ডিকেটরাজ চলছে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা সাধারণ মানুষের হাতে পৌঁছানোর আগেই তা দুর্নীতির জালে আটকে যাচ্ছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরব হন যোগী আদিত্যনাথ। তাঁর বক্তব্য, গত ১৫ বছরে রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এর পাল্টা হিসেবে উত্তরপ্রদেশের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘বিজেপি সরকার আসার পর সেখানে মাফিয়া ও গুন্ডারাজ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বাংলাতেও ‘ডাবল ইঞ্জিন সরকার’ গঠনের মাধ্যমে শান্তি ও উন্নয়ন ফেরানো সম্ভব!’
সভা থেকে বারাবনির বিজেপি প্রার্থী অরিজিৎ রায়কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে পরিবর্তন প্রয়োজন, আর সেই পরিবর্তন আনতে পারে সাধারণ মানুষই।’
এদিনের সভায় বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।


