Friday, April 17, 2026
Latestদেশ

‘লোকসভায় মহিলাদের অংশগ্রহণ বাড়ুক, এই বিলের বিরোধিতা করার মানে নারীদের বিপক্ষে থাকা’, মন্তব্য মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহিলা সংরক্ষণ বিলকে ঘিরে সংসদে জোরালো বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে দাঁড়িয়ে তিনি এই বিলকে ‘বিকশিত ভারত’-এর পথে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেন। পাশাপাশি বিরোধী দলগুলির উদ্দেশে কড়া সুরে তিনি বলেন, ‘এই বিলের বিরোধিতা করা মানে দেশের মহিলাদের বিপক্ষে অবস্থান নেওয়া— যা দেশের নারী সমাজ কোনোভাবেই মেনে নেবে না।’

প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, এই বিল শুধুমাত্র একটি রাজনৈতিক উদ্যোগ নয়, বরং এটি দেশের সামাজিক ও গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, ‘দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব বা পশ্চিম— কোনো অংশের সঙ্গেই অবিচার করা হবে না। আসন বিন্যাসের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে।’

কৃতিত্বের প্রশ্নে নিজের অবস্থান পরিষ্কার করে নরেন্দ্র মোদী জানান, ‘তিনি ব্যক্তিগতভাবে এই বিলের কৃতিত্ব নিতে আগ্রহী নন।’ তাঁর কথায়, “যদি কেউ এই বিলের কৃতিত্ব নিতে চান, তিনি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে পারেন— তাতে আমার কোনো আপত্তি নেই।” তবে একইসঙ্গে তাঁর আক্ষেপ, ‘গত তিন দশক ধরে এই গুরুত্বপূর্ণ সংস্কার ঝুলে থাকায় দেশ এবং রাজনৈতিক দলগুলি বহু সুযোগ হারিয়েছে।’

রাজনৈতিক মহলের মতে, মহিলা সংরক্ষণ বিল পাস হলে দেশের আইনসভায় মহিলাদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারে। এখন এই বিলকে ঘিরে শাসক-বিরোধী তরজার মাঝেই দেশের নজর রয়েছে এর বাস্তবায়নের দিকে।