‘বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি হবে ৪০০ টাকা’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে উত্তরবঙ্গের চা বলয়ে বড় প্রতিশ্রুতি দিল বিজেপি। রাজ্যে ক্ষমতায় এলে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪০০ টাকা করা হবে বলে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি বিধানসভার হাসিমারা মালঙ্গি ময়দানে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘বর্তমানে ২৪০ টাকায় আটকে থাকা চা শ্রমিকদের মজুরি বাড়ানো হবে। শুধু তাই নয়, তাঁদের জমির পাট্টা দেওয়া এবং স্বাস্থ্য পরিষেবার জন্য আয়ুষ্মান প্রকল্পের সুবিধাও পৌঁছে দেওয়া হবে।’
সভা থেকে সরাসরি আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর অভিযোগ, ‘মাছ-মাংসের মতো বিষয় নিয়ে রাজনীতি করলেও চা শ্রমিকদের উন্নয়নে কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার।’ একইসঙ্গে তিনি দাবি করেন, ‘অসমে বিজেপি সরকার ক্ষমতায় ফিরলে সেখানে চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা হবে।’
চা বাগানকে উত্তরবঙ্গের অর্থনীতির মেরুদণ্ড উল্লেখ করে হিমন্ত বিশ্বশর্মা বলেন, এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বঞ্চিত রেখে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাঁর কথায়, “উত্তরের সম্পদ চা বাগান, কিন্তু শ্রমিকরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।”
এদিন গোর্খা সম্প্রদায়ের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। অভিযোগ করেন, তাদের নিয়েও রাজনীতি করা হয়েছে। পাশাপাশি অসমে চা শ্রমিকদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে ৩ শতাংশ সংরক্ষণের কথাও উল্লেখ করেন তিনি।
সভা থেকে শেষবারের মতো ভোটের বার্তা দিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, চা শ্রমিক ও গোর্খা সম্প্রদায় যদি নিজেদের উন্নয়ন চান, তাহলে বিজেপিকেই সমর্থন করবেন—এই আশাই তিনি রাখছেন।


