Mamata Banerjee: হিন্দুস্থান কখনও পাকিস্তান হবে না: মমতা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগে নির্বাচনী প্রচারণায় জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জনসংযোগ বাড়াতে গত সোমবার (১৩ সেপ্টেম্বর) ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত একবালপুরের ষোলো আনা মসজিদে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মসজিদের ইমামদের সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। যা নিয়ে কটাক্ষ করেছিল বিজেপি নেতৃত্ব।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সেই কটাক্ষের জবাব দিলেন। তিনি বলেন, ‘আমি মসজিদে গিয়েছিলাম বলে বিজেপি আমাকে কটাক্ষ করেছিল। বুধবার (১৫ সেপ্টেম্বর) আমি গুরুদ্বারে গিয়েছিলাম। আজকে মন্দিরে গেলাম। আমি বিজেপির কায়দাকে পছন্দ করি না। গুজরাটি কিংবা মাড়োয়ারি আমি কারও খারাপ চাই না। আমি সকলকে রক্ষা করব। পুজোর পাশাপাশি ছটেও ছুটি থাকে। আমি মায়াপুরে জমি দিয়েছি। সেখানে পর্যটনস্থল গড়ে তোলা হবে। মন্দির হবে। যার যার ধর্ম সেই পালন করবে।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গুজরাট হোক কিংবা রাজস্থান বা উত্তরপ্রদেশ কিংবা পশ্চিমবঙ্গ – সকলের সংস্কৃতি আলাদা। প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমি মুড়িও খাই আবার হালুয়াও খাই। আমি রাজস্থানে গেলে আজমির শরীফে যাব। তেমনি পুস্করেও (আজমীরের নিকটবর্তী তীর্থ ও হ্রদবিশেষ) যাব।’
এরপরে বিজেপিকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওরা নন্দীগ্রামকে পাকিস্তান বলেছিল। ভবানীপুরকেও পাকিস্তান বলছে। এটা আমার দেশ, আমার মাতৃভূমি। পাকিস্তান কেন হবে। আমি আমার দেশকে ভালোবাসি। আপনারা শান্তিতে থাকুন। ভালো থাকুন। হিন্দুস্তান আরও উন্নতি করবে। আমাদের লড়াই জারি থাকবে। এই মাটি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নজরুলের। বাংলাই হিন্দুস্থানকে রক্ষা করবে। হিন্দুস্থান কখনও পাকিস্তান হবে না।’
Hindustan will never be Pakistan says Mamata Banerjee
Read Also:


