Tuesday, April 21, 2026
রাজ্য​

ভোট পরবর্তী হিংসার মামলায় মমতার এজেন্ট শেখ সুফিয়ানকে তলব করল CBI

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার একুশের বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনায় শেখ সুফিয়ানকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন সুফিয়ান। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন তার আগে সিবিআইয়ের এই তলবকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর নন্দীগ্রামের একাধিক এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দেবব্রত মাইতি নামে বিজেপি কর্মী খুন হয়। এই খুনের ঘটনায় নাম জড়ায় সুফিয়ানের। জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা রিপোর্টেও সুফিয়ানের নাম রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টার মধ্যে সুফিয়ানকে হলদিয়া বন্দর সংলগ্ন সরকারি গেষ্ট হাউসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ সুফিয়ান সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে আগামীকাল হাজিরা দিতে যাবেন বলে খবর। নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ান। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতিও তিনি।

বিধানসভা ভোটের ফল ঘোষণার পর বিজেপি কর্মী দেবব্রত মাইতিতে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সিবিআই সূত্রে খবর, তদন্তে একাধিকবার শেখ সুফিয়ানের নাম উঠে এসেছে। উল্লেখ্য, গত ৩ মে নন্দীগ্রামের বিজেপি কর্মীর দেবব্রত মাইতির বাড়িতে গিয়ে তাকে বেধড়ক মারধর করেন একদল দুষ্কৃতী। এরপর তাকে কলকাতায় হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

CBI summons TMC Leader Sekh Sufian

Also Read: