Tuesday, May 12, 2026
Latestরাজ্য​

I-PAC director Vinesh Chandel: কয়লা পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভোটের মুখে ফের শোরগোল রাজনৈতিক মহলে। কয়লা পাচার এবং বেআইনি লেনদেন সংক্রান্ত মামলায় গ্রেফতার হল আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল। দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত ২ এপ্রিল তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর থেকেই নজরে ছিলেন তিনি। কেন্দ্রীয় সংস্থার দাবি, সেই তল্লাশির পর তদন্তে উঠে আসা গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই এই গ্রেফতারি।

ইডি সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ভিনেশ চান্ডেলের উত্তরে অসন্তুষ্ট হন তদন্তকারীরা। এরপরই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় সংস্থার আরও দাবি, এই মামলায় হাওয়ালার মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা আইপ্যাকে ঢুকেছিল, যার সঙ্গে কয়লা পাচারের সরাসরি যোগ রয়েছে বলে সন্দেহ।

এই অভিযোগের সূত্র ধরেই আইপ্যাকের একাধিক কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। উল্লেখ্য, কয়েক মাস আগেই আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সেক্টর ফাইভের অফিসেও অভিযান চালানো হয়েছিল। সেই সময় তদন্তকারী আধিকারিকদের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ ওঠে। এমনকি তাঁদের কাছ থেকে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগও সামনে আসে, যা পরবর্তীতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

রাজনৈতিক মহলের মতে, ভোটের ঠিক আগে এই গ্রেফতারি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, আইপ্যাক দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই মধ্যে রবিবার খণ্ডঘোষের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “অনেককে গ্রেফতার করার চেষ্টা করা হবে। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে।” যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারি নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।

সব মিলিয়ে, তদন্তের অগ্রগতি এবং এই গ্রেফতারি ঘিরে ভোটের আগে রাজ্য রাজনীতিতে উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।