Hazari Bauri: এবার হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে পড়লেন তৃণমূল প্রার্থী, পরলেন গ্লাভস
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভোট এলেই বদলে যায় রাজনীতির চেনা চিত্র। মঞ্চের ভাষণ, মাইক আর পোস্টারের গণ্ডি পেরিয়ে প্রার্থীরা পৌঁছে যান সাধারণ মানুষের জীবনের আরও কাছে। কখনও রাজমিস্ত্রির বেশে ইট গাঁথা, কখনও কড়াই হাতে চপ ভাজা, আবার কখনও সেলুনে ঢুকে দাড়ি কামানো—এই সব দৃশ্য এখন নির্বাচনী প্রচারের অঙ্গ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এইসব ছবি ঘিরে যেমন কৌতুক হয়, তেমনই রাজনৈতিক বার্তাও পৌঁছে যায় দ্রুত।
তবে এই চেনা ট্রেন্ডকেও ছাপিয়ে গেল পুরুলিয়ার রঘুনাথপুর। সেখানে তৃণমূল প্রার্থী হাজারি বাউরিকে দেখা গেল একেবারে হাসপাতালের অপারেশন থিয়েটারের ভিতরে। হাতে গ্লাভস পরে চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে তাঁর একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
জানা গিয়েছে, গত ৯ এপ্রিল রাতে এক আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করান ওই প্রার্থী। এরপরই তিনি অপারেশন থিয়েটারে প্রবেশ করেন বলে অভিযোগ। ভিডিওতে দেখা যায়, চিকিৎসকদের সঙ্গে তিনিও উপস্থিত রয়েছেন এবং অস্ত্রোপচারের সময় কিছু কাজে সাহায্য করছেন বলেই দাবি উঠেছে।
এই ঘটনার পরই উঠেছে একাধিক প্রশ্ন। কোনও চিকিৎসা প্রশিক্ষণ ছাড়াই কীভাবে একজন রাজনৈতিক প্রার্থী অপারেশন থিয়েটারে ঢুকলেন? কার অনুমতিতে তিনি সেখানে উপস্থিত ছিলেন? হাসপাতালের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন হাজারি বাউরি। তাঁর দাবি, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করার পর মানবিক কারণেই তিনি সেখানে ছিলেন। প্রার্থীর কথায়, “আমি শুধু রক্ত মুছছিলাম। চার বছর ধরে এই ধরনের কাজ করে আসছি। মানুষের জীবন বাঁচানো যদি অপরাধ হয়, তাহলে অভিযোগ করুক।”
তবে তাঁর এই বক্তব্যে বিতর্ক থামেনি। বরং চিকিৎসা ব্যবস্থার মতো সংবেদনশীল জায়গায় এভাবে কোনও অনভিজ্ঞ ব্যক্তির উপস্থিতি কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞদের একাংশ। ইতিমধ্যেই বিষয়টি রাজনৈতিক তরজার রূপ নিয়েছে, এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে বিরোধীরা।
ঘটনার ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ঘটনার নিন্দা জানিয়েছে বিজেপি। তৃণমূলের মধ্যেও বিষয়টি নিয়ে অসন্তোষ দেখা দেয়। ঘটনায় রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ নিয়ম লঙ্ঘনের সুযোগ দেওয়ার জন্য ৬ জন কর্মীকে—একজন ডাক্তার, দুজন নার্স, দুজন ওয়ার্ড বয় এবং একজন ড্রেসারকে—কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।


