Tuesday, April 14, 2026
Latestরাজ্য​

Vinesh Chandel: ১০ দিনের ইডি হেফাজতে আই-প্যাকের সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের বহুল আলোচিত কয়লা পাচার মামলার তদন্তে বড়সড় মোড় নিল। রাজনৈতিক কৌশলগত সংস্থা আই-প্যাকের (Indian Political Action Committee) অন্যতম ডিরেক্টর তথা সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে (Vinesh Chandel) গ্রেপ্তার করেছে Enforcement Directorate (ইডি)। সোমবার দিল্লিতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পিএমএলএ আইনের আওতায় তাঁকে হেফাজতে নেওয়া হয়।

ইডি সূত্রে জানা গেছে, ধৃত ভিনেশ চান্ডেলকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার গভীর রাতে তাঁকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই আদালতে পেশ করা হলে ভোর পর্যন্ত শুনানি চলে। তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে আদালত ১০ দিনের হেফাজতের নির্দেশ দেয়।

তদন্তকারীদের দাবি, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের সূত্র খুঁজতেই ভিনেশ চান্ডেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সেই জেরাতেই উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, যার ভিত্তিতেই গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই মামলায় বেআইনি আর্থিক লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

রাজনৈতিক মহলে এই গ্রেপ্তারিকে ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। ভোটের প্রাক্কালে এমন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। যদিও এখনও পর্যন্ত আই-প্যাক বা ভিনেশ চান্ডেলের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কয়লা পাচার মামলাটি দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে। একাধিক প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার নাম এই তদন্তে উঠে এসেছে। নতুন করে আই-প্যাকের শীর্ষ কর্তাকে গ্রেপ্তারের ফলে তদন্তের গতি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।