বাংলাদেশের বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ হাজারের বেশি দোকান পুড়ে ছাই
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে কাপড়ের অন্যতম প্রধান মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। সাড়ে ৬ ঘণ্টা ফায়ার সার্ভিসের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। বেলা সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি আগুন নির্বাপন করতে আরো ঘণ্টা খানেক সময় লাগবে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করেছে। এছাড়া সেনাবাহিনীর দুই শতাধিক কর্মী কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বিজিবি, পুলিশ, ওয়াসাও একসঙ্গে কাজ করেছেন।
আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে জানতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুরোপুরি তদন্তের পরই আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাবে।
আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের আট জন কর্মী আহত হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।
২০১৯ সালের ২ এপ্রিল বঙ্গবাজারের এই ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস। তখন ভবনে একটি ব্যানারও টাঙিয়ে দেয়া হয়েছিল। এর পর ১০ বার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করেই ব্যবসা চলছিল বঙ্গবাজার মার্কেটে।
আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ার জন্য উৎসুক জনতার ভীড়, জলের সংকট এবং বাতাসকে দায়ী করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক মাইন উদ্দিন। তিনি জানান, “এক জায়গায় আগুন নেভাচ্ছি, আরেক জায়গায় আগুন লেগে যাচ্ছে।”
এদিকে, আগুন নেভাতে দেরি হওয়ায় বঙ্গবাজারের ঠিক বিপরীতে থাকা ফায়ার সার্ভিসের সদরদপ্তরে হামলা চালানো হয়েছে। সদরদপ্তরের গাড়ি ও ভবনে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মাইন উদ্দিন বলেন, “আপনাদের পাশে সবার আগে। তারপর আমার উপর কেন আক্রমণ? কেন আঘাত ফায়ার সার্ভিসের উপরে?”
মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে এই আগুন লাগে বলে খবর। বঙ্গবাজারে বিভিন্ন কাপড়ের গোডাউন-সহ ৩০০০ এর বেশি দোকান রয়েছে। প্রায় সবগুলো দোকানই পুড়ে ছাই।

