Friday, March 13, 2026
বিনোদন

বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন অনুপম রায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘ ৬ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানলেন সংগীতশিল্পী অনুপম রায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। সংগীতের প্রতি ভালোবাসা কাছে এনেছিল তাঁদের দু’জনকে। প্রথম আলাপে বন্ধুত্ব, তারপরে প্রেম, ২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। কিন্তু আচমকাই সবাইকে অবাক করে দিয়ে বৃহস্পতিবার এক টুইট বার্তায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন তাঁরা।

কিন্তু বিচ্ছেদ হলেও দু’জনের বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখার কথা জানিয়েছেন অনুপম রায় (Anupam Roy) অনুপম টুইটারে লিখেছেন, ‘দু’জনের পারস্পরিক সম্মতিতে আমরা দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিচ্ছি। এবার থেকে আমরা নিজেদের পথে চলবো। তবে দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে।’

অনুপম রায় আরও লিখেছেন, ‘একসঙ্গে আমাদের সফরটা খুব সুন্দর ছিল। অসাধারণ স্মৃতি, সুন্দর সাজানো মুহূর্তগুলো সর্বদা সঙ্গে থাকবে। কিন্তু নিজেদের কিছু ব্যক্তিগত সমস্যার যায় আমরা ঠিক করেছি আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তবে দাম্পত্য সম্পর্ক শেষ হলেও আমাদের বন্ধুত্ব থাকবে, আগে আমরা যেমনটা ছিলাম। একে অপরের ভালো-মন্দ দেখার জন্য সর্বদা প্রস্তুত থাকবে।’

জনপ্রিয় এই সংগীতশিল্পী টুইটারে আরও লিখেছেন, ‘পরিবার, পরিজন ও বন্ধু এবং শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের এই সফরের প্রতিটা পদক্ষেপে পাশে থাকার জন্য। আমাদের প্রতি এই সহানুভূতি এবং বোঝাপড়াটা বজায় রাখুন, যাতে ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনটা আমরা আত্মমর্যাদা এবং গোপনীয়তার সঙ্গে পার করতে পারি।’

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।