‘ধর্না দিলে চুরির কালো দাগ মুছবে না, মমতার শাসনে চোরের শিরোপা পেয়েছে বাংলা’, কটাক্ষ অগ্নিমিত্রার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দুদিনের ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
দীর্ঘ ফেসবুক পোস্টে অগ্নিমিত্রা লিখেছেন, “সুপ্রভাত। নাটক ফ্লপ। দুদিনের ধর্ণার নাটক শেষ। এবার দিল্লি চলোর ডাক। এরআগে একাধিকবার ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি চলোর ডাক বাংলা শুনেছে। অনুপ্রাণিত সংবাদমাধ্যমে প্রায় ভাবী প্রধানমন্ত্রী পর্যন্ত বানিয়ে ফেলেছে বহুবার। স্বপ্ন বাস্তবের রূপ পায়নি।
এবার দিল্লিতে এসে ধর্ণার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার একশোবার আছে। কিন্তু প্রশ্ন ধর্ণা ঠিক কেন?
চুরি ধরা পরে গিয়েছে বলে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ। পঞ্চায়েত ভোটের আগে গ্রামের মানুষরা চোরদের চিনে ফেলেছে। বিপদ সেখানেই। চিৎকার করলে, ধর্ণা দিলে চুরির কালো দাগ মুছবে না। ভারতের একমাত্র রাজ্য বাংলা যা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে চোরের শিরোপা পেয়েছে। প্রকল্পের টাকার হিসেব মেলেনা, অডিট রিপোর্ট দেওয়া হয় না। চুরি ধরা পড়লেই শুধু চিৎকার। আর ‘বাংলা বঞ্চনার’ বস্তাপচা অভিযোগ।
নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। দুর্নীতি করে বিপদ বাড়িয়েছে তৃণমূল সরকার। গ্রামের মানুষরা আজ প্রাপ্য থেকে বঞ্চিত শুধু মমতা সরকারের কারণে।
ধর্ণার শেষে খালি হাতে ফিরতে হয়েছে। উনি নিজেই বলেছেন, ভেবেছিলেন দিল্লি থেকে কেউ ফোন করবে। কোনও ফোন আসেনি। তাই নাটক ডাহা ফ্লপ।
আবার নতুন নাটকের পরিকল্পনা। এবার দিল্লিতে মঞ্চস্থ করতে চান। বিরোধী দল শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্য রাজ্যেও আছে। সেখানে কেন্দ্রীয় প্রকল্পের টাকার বরাদ্দ নিয়ে গোলমাল নেই। মুখ্যমন্ত্রীরা পথে বসেন না। ‘ বঞ্চনা ‘ শুধু বাংলায় !!
এই গল্প কেউ বিশ্বাস করবে না।”

