আল মিনহাদ এলাকার নাম পরিবর্তন করে ‘হিন্দ শহর’ রাখলো সংযুক্ত আরব আমিরাত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম রবিবার আল মিনহাদ এলাকা এবং এর আশেপাশের এলাকাগুলির নাম পরিবর্তন করে ‘হিন্দ শহর’ রেখেছেন।
শহরটিতে চারটি অঞ্চল – হিন্দ ১, হিন্দ ২, হিন্দ ৩ এবং হিন্দ ৪ বিভক্ত করা হয়েছে। যা ৮৩.৯ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। হিন্দ শহর এমিরেটস রোড, দুবাই-আল আইন রোড এবং জেবেল আলি-লেহবাব রোডের মতো গুরুত্বপূর্ণ সড়কপথের মাধ্যমে সংযুক্ত।
এর আগে ২০১০ সালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নামে বুর্জ দুবাইয়ের নাম পরিবর্তন করে বুর্জ খলিফা রাখা হয়েছিল।
শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুম (Sheikh Mohammed Al Maktoum), যিনি আল মিনহাদ জেলার নাম পরিবর্তন করে ‘হিন্দ শহর’ (Hind City) রেখেছেন, তিনি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর পাশাপাশি দুবাইয়ের শাসক।
তিনি সংযুক্ত আরব আমিরাতের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ রশিদ বিন সাইদ আল মাকতুমের তৃতীয় পুত্র। ২০০৬ সালে তার ভাই মাকতুমের মৃত্যুর পর, মহম্মদ ভাইস প্রেসিডেন্ট এবং শাসক হিসেবে দায়িত্ব নেন।

