Raghav Chadha: ‘আম আদমি পার্টি আর আগের মতো নেই, দলটি এখন বিষাক্ত হয়ে গিয়েছে’, মন্তব্য রাঘব চাড্ডার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আম আদমি পার্টি (আপ) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কমছে প্রাক্তন সাংসদ রাঘব চাড্ডা। বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে তাঁর ফলোয়ার সংখ্যা কমেছে ১০ লক্ষ ৩০ হাজারেরও বেশি—এমনটাই দাবি একাধিক সোশ্যাল মিডিয়া ট্র্যাকিং সূত্রের।
এই পরিস্থিতিতে দলবদলের কারণ ব্যাখ্যা করে সামনে এসেছেন চাড্ডা। সোমবার একটি ভিডিও বার্তায় তিনি সরাসরি অভিযোগ করেন, আম আদমি পার্টি আগের মতো আর নেই, বরং সময়ের সঙ্গে সঙ্গে দলটি ‘বিষাক্ত’ হয়ে উঠেছে। তাঁর দাবি, দলের ভেতরে কাজ করার পরিবেশ ক্রমশ কঠিন হয়েছে এবং মত প্রকাশের স্বাধীনতাও সীমিত হয়ে পড়েছে। এমনকি সংসদে কথা বলার ক্ষেত্রেও বাধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ তাঁর।
চাড্ডা জানান, গত ১৫ বছর ধরে তিনি দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং নিজেকে অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেই দেখেন। “রক্ত-ঘাম দিয়ে এই দল গড়েছি, কিন্তু সাম্প্রতিক সময়ে নিজেকে বেমানান মনে হচ্ছিল,”—ভিডিও বার্তায় বলেন তিনি। তাঁর কথায়, রাজনীতিতে আসার উদ্দেশ্য ব্যক্তিগত ভবিষ্যৎ গড়া নয়, বরং আদর্শের জন্য কাজ করা ছিল।
শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি বৃহত্তর অসন্তোষের বহিঃপ্রকাশ বলেও দাবি করেছেন তিনি। চাড্ডার বক্তব্য, একসঙ্গে সাতজন নেতা আপ ছেড়েছেন। “এক-দু’জন ভুল করতে পারেন, কিন্তু সাতজন একসঙ্গে ভুল করতে পারেন না,”—এভাবেই তিনি দলত্যাগের যৌক্তিকতা তুলে ধরেন।
এদিকে, বিজেপিতে যোগ দেওয়ার পিছনে কোনও চাপ বা ভয় কাজ করেছে—এই তত্ত্বও খারিজ করেছেন তিনি। তাঁর দাবি, ভয় নয়, বরং হতাশা, মোহভঙ্গ এবং বিতৃষ্ণাই এই সিদ্ধান্তের মূল কারণ।
তবে নেটিজেনদের একাংশ চাড্ডার এই পদক্ষেপকে কৌশল হিসেবেই দেখছেন। তাঁদের মতে, রাজনৈতিক অবস্থান বদলের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কমে যাওয়া জনসমর্থনের একটি বার্তা বহন করে। অন্যদিকে, বিজেপিতে তাঁর যোগদান ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলবে, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।


