Monday, April 27, 2026
Latestরাজ্য​

‘সেকুলারিজম নিপাত যাক’ মন্তব্যে শুভেন্দুর প্রার্থী পদ বাতিলের মামলা খারিজ হাইকোর্টে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘সেকুলারিজম নিপাত যাক’ মন্তব্য ঘিরে বিতর্কের জেরে দায়ের হওয়া মামলায় স্বস্তি পেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর প্রার্থীপদ বাতিলের দাবিতে করা আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

গত ৩ মার্চ, বালিগঞ্জে দোল যাত্রায় অংশ নিয়ে ‘সেকুলারিজম নিপাত যাক’ স্লোগান তুলেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মন্তব্যকে অসাংবিধানিক ও প্ররোচনামূলক বলে অভিযোগ তুলে তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন আবেদনকারী সৌম্য মণ্ডল।

মামলায় অভিযোগ করা হয়, সংবিধানের মৌলিক কাঠামোর অন্যতম ভিত্তি হল ধর্মনিরপেক্ষতা। সেখানে প্রকাশ্যে ‘অ্যান্টি-সেকুলার’ অবস্থান নিয়ে মন্তব্য করা একজন প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ আইনসঙ্গত নয়। আবেদনকারীর দাবি ছিল, এই মন্তব্যের মাধ্যমে সংবিধানের মূল আদর্শের বিরোধিতা করেছেন তিনি।

সোমবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, ঠিক কোন আইনি ভিত্তিতে প্রার্থীপদ বাতিলের দাবি করা হয়েছে। সওয়াল-জবাবের পর আদালত জানায়, মামলাকারী পক্ষ প্রয়োজনীয় আইনি যুক্তি তুলে ধরতে ব্যর্থ হয়েছে। সেই কারণেই আবেদন খারিজ করা হয়।

এর ফলে আপাতত বড় আইনি জটিলতা থেকে মুক্তি পেলেন শুভেন্দু অধিকারী।