Wednesday, April 15, 2026
দেশ

দীপাবলির উপহার, একধাক্কায় পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই কমিয়ে দিল মোদী সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে পেট্রোল-ডিজেলের দাম (Petrol and Diesel Price) বাড়ছিল। পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় অন্যান্য জিনিসের দাম হু হু করে বাড়ছিল। জ্বালানির দাম বাড়ায় বিরোধীদের বারবার কেন্দ্রের বিরুদ্ধে সবর হয়েছিল। এরমধ্যেই আমজনতাকে শক্তি দিয়ে দেশবাসীকে দীপাবলির উপহার দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার (Modi Govt)। এক ধাক্কায় পেট্রোল ও ডিজেলের দাম কমিয়ে দিল কেন্দ্র।

বুধবার কেন্দ্রের তরফে পেট্রোল ও ডিজেলে শুল্ক কমানো ঘোষণা করা হল। বৃহস্পতিবার থেকে কমতে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলে লিটার প্রতি শুল্ক কমানো হয়েছে ৫ টাকা। ডিজেলে লিটার প্রতি শুল্ক কমানো হয়েছে ১০ টাকা। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে সাধারণ মধ্যবিত্তরা।

পাশাপাশি, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে রাজ্যগুলিকে জ্বালানির উপর ভ্যাট কমানোর আর্জি জানানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে পেট্রোল-ডিজেলে ৩৩ শতাংশ কর নেয় কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, রাজ্য নেয় ২৫ শতাংশ কর। পেট্রোল অনেক আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে। ডিজেলও দেশের বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে। এই পরিস্থিতিতে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের।

মধ্যবিত্তকে স্বস্তি দিতে পেট্রোল-ডিজেল জিএসটির আওতায় আনার প্রস্তাব রেখেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন্দ্রের সেই প্রস্তাবে অধিকাংশ রাজি হয়নি। কেননা রাজ্যগুলির রাজস্ব খাতের একটা বড় অংশ আসে পেট্রোল-ডিজেলের কর থেকে। তাই এবার পেট্রোল-ডিজেলের দাম কমাতে উৎপাদন শুল্কে (Excise Duty) ছাড় দিল কেন্দ্র।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।