Friday, April 17, 2026
কলকাতা

যৌথ প্রেসমিট হয়নি, কেননা রাহুল গান্ধী বুঝে গিয়েছেন, মমতার সাথে জোটে গেলে সর্বনাশ হবে: দিলীপ ঘোষ

কলকাতা: ২০২৪ সালের লোকসভা ভোটে কেন্দ্রের মোদী সরকারকে হারাতে বিজেপি বিরোধী জোট গঠনে উদ্যোগী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী জোট গঠনের উদ্দেশ্যে পাঁচদিনের সফরে দিল্লি যান তিনি। দিল্লিতে গিয়ে বিজেপি বিরোধী একাধিক নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেন মমতা। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথেও সাক্ষাৎ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। তবে তৃণমূল এবং কংগ্রেসের তরফে যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়নি। যা নিয়ে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যৌথ সাংবাদিক সম্মেলন করেননি। কারণ রাহুল গান্ধী বুঝে গিয়েছেন মমতার সঙ্গে জোটে গেলে সর্বনাশ হবে।

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন কলকাতায় সব জলে ভেসে গেল। কলকাতার প্রাক্তন মেয়র জেলে নেই এখন। তবুও কলকাতাকে বাঁচাতে পারলেন না। অন্যকে দোষ না দিয়ে কিছু করে দেখানো দরকার। লন্ডনের বদলে ভেনিস হয়ে গিয়েছে কলকাতা, বলেও কটাক্ষ করেন তিনি।

উল্লেখ্য, কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী সময়ে নারদা কেলেঙ্কারির জন্য গ্রেফতার করেছিল সিবিআই। তখন তৃণমূল সমর্থক, ফিরহাদের আইনজীবী, সকলেই প্রশ্ন তুলেছিলেন, মেয়র জেলে থাকলে শহরের মানুষের বিপদে- আপদে কাজ করবেন কে?

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।