Sunday, March 15, 2026
রাজ্য​

‘বজরং দল-বিজেপির লোকরাই দাঙ্গা করছে’, অভিযোগ মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিঘার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, ‘বজরং দল-বিজেপির লোকেরাই দাঙ্গা করছে।’

হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া, উত্তর দিনাজপুরের ডালখোলাতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে। সোমবার রাতে নতুন করে অশান্তি জড়ায় হুগলির রিষড়ায়। রিষড়া স্টেশনের কাছে বোমাবাজির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ইন্টারনেট বন্ধ রাখা হয়। পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।

অশান্তির জন্য বিজেপিকে দুষে মমতা বলেন, ‘বিজেপি সারাক্ষণ অশান্তি ছড়ায়। ওরা গুন্ডাদের ভাড়া করে এনে এরাজ্যে অশান্তি ছড়াচ্ছে। বাইরে থেকে বুলডোজার, ট্র্যাক্টর, বন্দুক নিয়ে হাওড়ায় ঢুকেছে। মিছিলে বন্দুক নিয়ে নাচ করছে। গরিব মানুষের ঘর জ্বালিয়ে দিচ্ছে। বাংলার মানুষ হিংসা পছন্দ করে না, এটা বাংলার সংস্কৃতি নয়।’

মমতার কটাক্ষ, ‘সিপিএমের হার্মাদরা আজ বিজেপির ওস্তাদ। যারা অশান্তিতে প্ররোচনা দিচ্ছেন তাদের রেয়াত করা হবে না, তিনি যেই হোক না কেন, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’