Tuesday, July 28, 2026
Latestআন্তর্জাতিক

বার্লিনের প্রাইড উৎসবে হামলা, ইউরোপকে ইসলামি জঙ্গিবাদ নিয়ে সতর্ক করলেন তসলিমা নাসরিন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বার্লিনের প্রাইড উৎসবে হামলায় মৃত্যু হয়েছে এক জনের এবং আহত হয়েছেন অন্তত ২৯ জন। শনিবারের সেই ঘটনার মূল অভিযুক্ত আব্দুল বাল্লুতকে (২১) এনকাউন্টারে খতম করেছে পুলিশ। এই হামলার ঘটনায় ইউরোপকে ইসলামি জঙ্গিবাদ নিয়ে সতর্ক করলেন লেখিকা তসলিমা নাসরিন‌।

তসলিমা নাসরিন ফেসবুকে লিখেছেন, “বার্লিনের প্রাইড উৎসবে ভ্যান তুলে মানুষ হত্যা, তারপর ধারালো অস্ত্র নিয়ে হামলা—এটি শুধু এলজিবিটি মানুষের ওপর আক্রমণ নয়; এটি স্বাধীনতা, বৈচিত্র্য এবং আধুনিক সভ্যতার ওপর ইসলামি জঙ্গিবাদের আক্রমণ। একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৯ জন। সন্দেহভাজন হামলাকারী আগে আইসিসে যোগ দেওয়ার চেষ্টা এবং জঙ্গি প্রচারণার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল; অথচ স্থগিত সাজা পেয়ে বাইরে ছিল। এটি জার্মান রাষ্ট্রেরও ভয়াবহ নিরাপত্তাব্যর্থতা। 

ইসলামি মৌলবাদীদের কাছে সমকামী মানুষ অপরাধী, স্বাধীন নারী অপরাধী, নাস্তিক অপরাধী, ধর্মের সমালোচক অপরাধী—অর্থাৎ তাদের সংকীর্ণ ধর্মীয় বিধান মেনে না চলা প্রত্যেক স্বাধীন মানুষই অপরাধী। এই মতাদর্শ কোনও নিরীহ ‘সাংস্কৃতিক ভিন্নতা’ নয়; এটি ধর্মীয় ফ্যাসিবাদ।

ইউরোপকে বুঝতে হবে—সহিষ্ণুতা মানে অসহিষ্ণুতাকে প্রশ্রয় দেওয়া নয়। মানবাধিকারের নামে মানবাধিকারবিরোধী মতাদর্শকে আশ্রয় দেওয়া আত্মঘাতী উদারতা। ইসলামোফোবিয়ার অভিযোগের ভয়ে ইসলামি জঙ্গিবাদের নাম উচ্চারণ না করলে জঙ্গিবাদ উধাও হয় না; বরং আরও সাহসী হয়।

এর বিরুদ্ধে লড়াই সাধারণ মুসলমানের বিরুদ্ধে লড়াই নয়। এটি সেই রাজনৈতিক ইসলামের বিরুদ্ধে লড়াই, যা ধর্মকে অস্ত্র বানিয়ে মানুষের স্বাধীনতা কেড়ে নিতে এবং বহুত্ববাদী সমাজকে ধর্মতন্ত্রে পরিণত করতে চায়। জার্মানিসহ গোটা ইউরোপকে এখন স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে—সভ্যতার স্বাধীন মূল্যবোধ রক্ষা করবে, নাকি ধর্মীয় ফ্যাসিবাদের কাছে একের পর এক মানুষকে বলি দেবে।”