অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের পথে বিজেপি শাসিত অসম
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অসমে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code বা UCC) কার্যকর করার জন্য বিধি তৈরির উদ্দেশ্যে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। আগামী এক মাসের মধ্যে খসড়া বিধি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। রাজনৈতিক দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
গত ২৭ মে অসম বিধানসভায় ‘অসম ইউনিফর্ম সিভিল কোড বিল, ২০২৬’ পাস হয়। এই আইনে ধর্ম নির্বিশেষে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে অভিন্ন আইনি কাঠামো চালুর প্রস্তাব রাখা হয়েছে।
১৩ অক্টোবর জারি করা একটি নির্দেশে স্বরাষ্ট্র ও রাজনৈতিক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব অজয় তিওয়ারি জানিয়েছেন, বিলটি রাষ্ট্রপতির সম্মতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার নির্দেশটি সংবাদমাধ্যমের হাতে আসে।
স্বরাষ্ট্র ও রাজনৈতিক দফতরের সচিব দেব প্রসাদ মিশ্র এই কমিটির নেতৃত্ব দেবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অর্থ দফতরের বিশেষ কমিশনার ও সচিব পার্থ প্রতিম মজুমদার, আইনসভার সচিব গীতাঞ্জলি ডি সাইকিয়া, সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন দফতরের সচিব ফরিদা সামসুল এবং স্বরাষ্ট্র ও রাজনৈতিক দফতরের অতিরিক্ত সচিব মৃদুল কে দাস।
এই বিল পাসের মধ্য দিয়ে উত্তরাখণ্ড ও গুজরাটের পর অসম দেশের তৃতীয় রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত আইন অনুমোদন করেছে।
প্রস্তাবিত আইনে বহুবিবাহ নিষিদ্ধ করার পাশাপাশি লিভ-ইন সম্পর্কের বাধ্যতামূলক নিবন্ধনের কথা বলা হয়েছে। দুটো বিবাহ বা বহুবিবাহের ক্ষেত্রে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। অন্যদিকে, লিভ-ইন সম্পর্কের নিবন্ধন না করালে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড হতে পারে।
তবে অসমে বসবাসকারী তফসিলি জনজাতি (SC) সম্প্রদায়ের সদস্যদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে।

