অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, অসম থেকে গ্রেফতার ৩৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অসমের ধুবড়ি জেলায় শুক্রবার বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। এক আধিকারিক জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে বাংলাদেশি নাগরিকদের একটি বড় দল এই জেলার মধ্য দিয়ে যাতায়াত করতে পারে বলে আগাম খবর পাওয়া যায়।
ওই আধিকারিক জানান, শুক্রবার রাত ২টো থেকে আড়াইটের মধ্যে অনুপ্রবেশের বিষয়ে নির্দিষ্ট খবর পাওয়া যায়। তবে তারা কোন পথ ব্যবহার করবেন, তা জানা ছিল না। নদীপথে আসার সম্ভাবনা থাকায় ব্রহ্মপুত্র নদের জোগমায়া ফেরিঘাটে নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হয়। সেখান থেকেই ৩৬ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা সকলেই বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের নথিপত্র যাচাইয়ের পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, অসম অনুপ্রবেশকারীদের জন্য কোনও আশ্রয়স্থল নয়। পাশাপাশি আরও ২৩ জন অবৈধ অনুপ্রবেশকারীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, অসমের স্বার্থ রক্ষা করতে এবং রাজ্য থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বের করে দিতে সরকার কঠোর পদক্ষেপ করবে।

