Wednesday, July 29, 2026
Latestআন্তর্জাতিক

বার্লিনের প্রাইড উৎসবে হামলা, এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত আব্দুল বাল্লুত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার জার্মানির রাজধানী বার্লিনে ‘প্রাইড ওয়াক’ উৎসবে হামলায় নিহত হয়েছেন এক জন এবং আহত হয়েছেন অন্তত ২৯ জন। রবিবার ঘটনার মূল অভিযুক্ত আব্দুল বাল্লুত প্রাণ হারালেন পুলিশের গুলিতে। জানা গেছে, ২১ বছর বয়সী আব্দুল বাল্লুত লেবানিজ বংশোদ্ভূত।

বার্লিন পুলিশ জানিয়েছে, শনিবার ‘প্রাইড ওয়াক’ চলাকালীন অভিযুক্ত প্রথমে একটি গাড়ি নিয়ে মিছিলের মধ্যে ঢুকে পড়েন। এরপর তিনি একটি ধারালো অস্ত্র নিয়ে আশপাশে থাকা মানুষের উপর এলোপাথাড়ি হামলা চালান। এই হামলায় এক জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। ঘটনার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপরই তাকে ধরতে তল্লাশি শুরু করে পুলিশ।

পুলিশের দাবি, রবিবার বার্লিনের শহরতলি স্প্যানডাউ এলাকা থেকে অভিযুক্তকে আটক করার সময় তিনি পুলিশকর্মীদের উপর হামলার চেষ্টা করেন। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জার্মানির এক সরকারি আইনজীবী জানিয়েছেন, অভিযুক্ত জার্মানির নাগরিক হলেও ২০২৫ সালে তিনি লেবাননে গিয়েছিলেন। তদন্তে উঠে এসেছে, সেখান থেকে সিরিয়ায় গিয়ে জঙ্গি সংগঠন আইএস-এ (ইসলামিক স্টেট) যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তার।

ঘটনার পর বার্লিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলার উদ্দেশ্য, অভিযুক্তের সম্ভাব্য জঙ্গি-যোগ এবং ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখছে জার্মানির তদন্তকারী সংস্থাগুলি। Al Jazeera