মমতাকে ৫ লাখ টাকা জরিমানা হাইকোর্টের, কি বলছে তৃণমূল?
কলকাতা: তৃণমূল শিবিরের অভিযোগ ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ (Justice Kaushik Chanda) বিজেপি ঘনিষ্ঠ। বিতর্কিত এই অভিযোগ ওঠার পরেই নিজে থেকেই নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন কৌশিক চন্দ। তবে বিচারব্যবস্থাকে কলুষিত এবং তাঁকে পরিকল্পিতভাবে হেনস্থা ও অপমান করার অভিযোগে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরূদ্ধে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার ওই টাকা হাইকোর্টের বার কাউন্সিলের জমা দিতে হবে। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, জরিমানার টাকা করোনায় ক্ষতিগ্রস্ত আইনজীবীদের পরিবারের সাহায্যে ব্যয় করা হবে। নন্দীগ্রাম মামলা এবার কোন বেঞ্চে যাবে, তা ঠিক করবেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল।
বিচারপতি চন্দ এদিন সাফ জানান, তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগের ভিত্তিতে তিনি সরে দাঁড়াচ্ছেন না। বরং বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার কারণেই তিনি সরে দাঁড়াচ্ছেন। বিচারপতির নিয়োগ সংক্রান্ত সিক্রেট রিপোর্ট জনসমক্ষে আনাটা কি ঠিক? প্রশ্ন তোলেন তিনি।
এদিনের মামলার রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান বলেন, মুখ্যমন্ত্রীর মতো একজন সাংবিধানিক প্রধানকে জরিমানা লজ্জাজনক ঘটনা। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাব।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

