গোটা বিশ্ব ভারতের দিকে তাঁকিয়ে রয়েছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ থেকে শুরু হয়েছে ২০২৩ এর বাজেট অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে শুরু হয় বাজেট পেশের অনুষ্ঠান। তিনি বলেন, গোটা বিশ্ব ভারতের দিকে তাঁকিয়ে রয়েছে। কারণ, প্রতিটি ক্ষেত্রেই বিকল্প সমাধান রয়েছে আমাদের দেশের হাতে। আমাদের লক্ষ্য এমন এক ভারত তৈরি করা যেখানে মানুষ প্রকৃত অর্থেই আত্মনির্ভর হবেন।
দ্রৌপদী মুর্মু বলেন, ভারতে একটি স্থায়ী, নির্ভীক সরকার রয়েছে। যা বড় স্বপ্ন পূরণের ক্ষেত্রে সহায়ক। আমার সরকার বড় সিদ্ধান্ত নিতে অকারণ কালক্ষেপ করেনি। সবচেয়ে বড় বদল এসেছে প্রতিটি ভারতীয়ের মানসিকতায়। তাঁরা আজ আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন। এই কারণেই বিশ্বের অন্যান্য দেশের ভারত সম্পর্কে মূল্যায়নও বদলে গিয়েছে।
তিনি বলেন, আমার সরকার সর্বদা দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছে, নীতি-কৌশলকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার ইচ্ছা দেখিয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ক্র্যাকডাউন, এলওসি থেকে এলএসি পর্যন্ত, ৩৭০ ধারা বাতিল থেকে তিন তালাক, আমার সরকার একটি সিদ্ধান্তমূলক সরকার হিসাবে স্বীকৃত হয়েছে।
সংসদে তাঁর প্রথম ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

