ধর্মান্তরিত হিন্দুদের সনাতন ধর্মে ফেরাতে পশ্চিমবঙ্গ জুড়ে ১,০০৮টি যজ্ঞের পরিকল্পনা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী বছরের জানুয়ারিতে বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দু সংগঠনগুলির উদ্যোগে মোট ১,০০৮টি যজ্ঞ করা হবে। অন্য ধর্মে ধর্মান্তরিত হিন্দুদের সনাতন ধর্মে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করতেই এই যজ্ঞের আয়োজন করা হবে। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা আচার্য রামচন্দ্র দাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার দু’দিন পরেই এই ঘোষণা করা হয়।
বৃহৎ এই অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। উদ্যোক্তাদের একাংশের দাবি, অনুষ্ঠানে অগ্নিকুণ্ড প্রজ্বলন, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং দেশ, ধর্ম ও সনাতনী সমাজের স্বার্থে বিভিন্ন শপথ নেওয়া হবে।
এই শপথগুলির মধ্যে অন্যতম হবে—যারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছেন, তাঁদের আবার সনাতন ধর্মের পরিসরে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া।
উদ্যোক্তার আরও দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হিন্দুত্ব, সনাতন ধর্ম এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত সমস্ত উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

