‘আমরা দেখছি পরিবর্তন হচ্ছে’, মন্তব্য রাজ্যপাল আরএন রবির
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিধানসভা নির্বাচন শেষ হতেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ। এই পরিস্থিতিতে শান্তি ও সংযমের বার্তা দিলেন রাজ্যপাল আরএন রবি। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার পরে হিংসার কোনও স্থান নেই এবং সমস্যার সমাধান কখনওই সহিংসতার মাধ্যমে সম্ভব নয়।’
শুক্রবার এক প্রতিক্রিয়ায় রাজ্যপাল বলেন, “হিংসার কোনও জায়গা নেই। আমরা দেখছি পরিবর্তন হচ্ছে। এই ভারতকে শ্রেষ্ঠ বানাতে আমাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” তাঁর কথায়, সমাজে শান্তি বজায় রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব।
তিনি আরও বলেন, “যেকোনও সমস্যার সমাধান হিংসার মাধ্যমে আর মিলবে না। অহিংসার পথেই আমাদের সমাধান খুঁজে নিতে হবে।” দেশের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি ২০৪৭ সালের কথাও উল্লেখ করেন। সেই বছর স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষে ভারতকে একটি উন্নত ও পথপ্রদর্শক দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য সামনে রাখার আহ্বান জানান তিনি।
রাজ্যপালের মতে, “আমাদের শ্রেষ্ঠ ভারত একদিন সারাবিশ্বকে পথ দেখাবে। এইভাবেই বিকশিত ভারতের নির্মাণ হবে। আর সেই ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী আমরা সবাই থাকব।”
ভোটের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগ সামনে আসার পরেই তাঁর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


