ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মী, নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আর মাত্র ২ দিনের অপেক্ষা। তার পরই প্রকাশ্যে আসবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর চূড়ান্ত ফলাফল। কিন্তু ফল ঘোষণার আগেই রাজ্যের রাজনৈতিক ও আইনি মহলে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভোট গণনার প্রক্রিয়া ঘিরে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে নির্বাচন কমিশনের ভূমিকা।
ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। শুক্রবার এই মর্মে আবেদন দাখিলের পর, প্রধান বিচারপতি সূর্যকান্ত শনিবারই মামলাটির জরুরি শুনানির নির্দেশ দিয়েছেন। ফলে ফল ঘোষণার আগের মুহূর্তে আইনি লড়াই নতুন মোড় নিল।
প্রসঙ্গত, ভোট গণনার প্রতিটি টেবিলে রাজ্য সরকারি কর্মীদের বদলে কেন্দ্রীয় সরকার বা পাবলিক সেক্টর সংস্থার কর্মীদের কাউন্টিং সুপারভাইজার ও সহকারী হিসেবে নিয়োগের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কমিশনের যুক্তি, এই পদক্ষেপ ভোট গণনার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে যায় তৃণমূল।
কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও সেই আবেদন খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে কোনও বেআইনি দিক নেই এবং গণনার স্বচ্ছতা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। হাইকোর্টের এই রায়ের পরই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় শাসক দল।
এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে। একদিকে ফল প্রকাশের কাউন্টডাউন, অন্যদিকে আদালতে শেষ মুহূর্তের লড়াই—দু’য়ের সমান্তরাল পরিস্থিতি রাজ্যের নির্বাচন-পরবর্তী আবহকে আরও তীব্র করে তুলেছে। এখন নজর শনিবারের শুনানিতে শীর্ষ আদালত কী পর্যবেক্ষণ দেয় এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনও স্থগিতাদেশ জারি হয় কি না।


