Sunday, September 20, 2026
Latestআন্তর্জাতিক

থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলে আলাদা স্বাধীন ইসলামিক দেশ না গড়া পর্যন্ত লড়াইয়ের ঘোষণা BRN-র

কলকাতা ট্রিবিউন ডেস্ক: থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলে আলাদা স্বাধীন ইসলামিক দেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বারিসান রেভোলুসি ন্যাশনাল’ (BRN)। বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র নিকামাতুল্লাহ সেরি।

নিকামাতুল্লাহ ঘোষণা দেন, “যতদিন আমাদের লক্ষ্য অর্জিত না হচ্ছে, আমরা লড়াই চালিয়ে যাব। সময় শেষ হওয়ার আগ পর্যন্ত লড়াই চলবে।”

উল্লেখ্য, ১৯৬০ সাল থেকে থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত অঞ্চলে ইসলামিক দেশ প্রতিষ্ঠার দাবিতে লড়াই চালিয়ে আসছে বারিসান রেভোলুসি ন্যাশনালের যোদ্ধারা। মাঝে এই লড়াই থেমে গেলেও ২০০৪ সাল থেকে তারা নতুন করে লড়াই শুরু করে।

বিচ্ছিন্নতাবাদীদের থামাতে ২০১৩ সাল থেকে মালয়েশিয়ার মধ্যস্থতায় থাই সরকারের সঙ্গে বিআরএনের আলোচনা চলছে। তবে সাম্প্রতিক সময়ে সেই আলোচনা থমকে গেছে। বিশেষ করে গত জুলাইয়ে মুসলিম অধ্যুষিত ওই অঞ্চলে ৫ থাই নাগরিক নিহত হওয়ার পর ব্যাংকক সরকার বিআরএনের সঙ্গে আলোচনা বাতিল করে। এর ফলে দুই পক্ষের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়।

নিকামাতুল্লাহ বলেন, “আমাদের লক্ষ্য একটাই। সেটি হলো স্বাধীন ইসলামিক রাষ্ট্রের দাবি।”

২০০৪ সাল থেকে চলা এই স্বাধীনতার লড়াইয়ে প্রায় ৭ হাজার মানুষ নিহত হন। নিহতদের মধ্যে স্থানীয় যোদ্ধা, দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্য এবং বেসামরিক মানুষ রয়েছেন। সম্প্রতি দক্ষিণাঞ্চলে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

স্বাধীন ইসলামিক রাষ্ট্রে শরিয়া আইন প্রতিষ্ঠার দাবি

নিকামাতুল্লাহ ঘোষণা দিয়েছেন, দক্ষিণাঞ্চলে আলাদা স্বাধীন দেশ প্রতিষ্ঠার পর তারা সেখানকার রাজনৈতিক ক্ষমতা চান। এরপর সেখানে শরিয়া আইন প্রতিষ্ঠা করা হবে। তিনি সাফ বলেন, ‘আমরা রাজনৈতিক ক্ষমতা চাই। আমাদের দক্ষিণাঞ্চলে (মালয়েশিয়ার সীমান্তবর্তী ৪টি প্রদেশ) সরকার চালাতে দেওয়া উচিত। এটি শরিয়া পুলিশ ও আদালত দিয়ে চলবে।’ AFP