৬,৫২৮ কোটি টাকার রেল প্রকল্পে ভাগ পেল পশ্চিমবঙ্গ, আরও উন্নত হবে বাংলার যোগাযোগ ব্যবস্থা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মোট ১০,৭৮৩ কোটি টাকা ব্যয়ে দেশের তিনটি রেলপথে মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি হল ৩৬৭ কিলোমিটার দীর্ঘ খড়্গপুর–ঝাড়সুগুড়া (বাগদেহি) চতুর্থ রেললাইন নির্মাণ। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৬,৫২৮ কোটি টাকা। প্রকল্পের ৬০.৯২৬ কিলোমিটার অংশ পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে। বাকি অংশ ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে যাবে।
এই রেলপথটি হাওড়া–মুম্বাই হাই ডেনসিটি নেটওয়ার্কের অন্তর্গত। বর্তমানে এই করিডরে রেলপথের ব্যবহারের হার ১১৮ শতাংশ। সম্প্রসারণ না করা হলে তা বেড়ে ১৩৩ শতাংশে পৌঁছতে পারে। নতুন চতুর্থ লাইন নির্মাণের ফলে রেলপথের উপর চাপ কমবে এবং যাত্রী ও পণ্য পরিবহণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
তিনটি প্রকল্প মিলিয়ে পাঁচটি রাজ্যে মোট ৬৫৬ কিলোমিটার অতিরিক্ত রেলপথের সক্ষমতা তৈরি হবে। এর ফলে প্রতি বছর অতিরিক্ত প্রায় ২ কোটি ৭০ লক্ষ টন পণ্য পরিবহণ সম্ভব হবে বলে অনুমান করা হচ্ছে। ২০২৯-৩০ অর্থবর্ষের মধ্যে প্রকল্পগুলির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

