Tuesday, June 2, 2026
Latestকলকাতা

সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে উইয়ে খাওয়া টাকার পাহাড়, তৃণমূলের নেতাদের রিফ্রেশমেন্টের জন্য এসি বেডরুম, অ্যাটাচড টয়লেট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতার ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজ এবার খবরের শিরোনামে। কলেজের ছাত্র সংসদের দফতর বা ইউনিয়ন রুমের একটি আলমারি থেকে উদ্ধার হয় ২ টি ব্যাগ ভর্তি উইয়ে ধরা নগদ টাকা। ঘটনাকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

টাকা উদ্ধারের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পরই তীব্র অভিযোগ তোলেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর দাবি, ‘কলেজে ভর্তির নামে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলেছে এবং তৃণমূলের ছাত্রনেতারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। উদ্ধার হওয়া উইয়ে ধরা নোটের পরিমাণ কয়েক লাখ টাকা হতে পারে।’

প্রসঙ্গত, গত সপ্তাহেই সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদের আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তদন্তের দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন সজল ঘোষ। ব্যাঙ্কের পাসবইয়ের তথ্য তুলে ধরে তিনি অভিযোগ করেন, ছাত্র সংসদের সাংস্কৃতিক তহবিলে প্রায় দেড় কোটি টাকা জমা রয়েছে। তাঁর বক্তব্য, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ইউনিয়ন ফি বাবদ সাধারণত ৫০ থেকে ১০০ টাকা নেওয়া হয়, সেই অর্থ থেকে এত বিপুল তহবিল গড়ে ওঠা সম্ভব নয়।

মঙ্গলবারের ঘটনার পর সজল ঘোষ দাবি করেন, ভর্তি-দুর্নীতির সঙ্গে যুক্ত ছাত্রনেতাদের গ্রেফতার করা হলে এই টাকার রহস্যের সমাধান হতে পারে।

এদিকে, কলেজ চত্বরে আরও একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, কলেজের ভিতরে দুটি শীততাপ নিয়ন্ত্রিত বেডরুম তৈরি করা হয়েছিল, যা নাকি তৃণমূল ঘনিষ্ঠ নেতাদের ব্যবহারের জন্য নির্মাণ করা হয়। ওই ঘরগুলিতে আলমারি, গদি, বালিশ, কম্বল-সহ আরামদায়ক থাকার সমস্ত ব্যবস্থা রয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন কলেজের প্রভাবশালী নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়।

কলেজের পাঁচতলায় অবস্থিত ওই ঘরগুলি অধিকাংশ সময় বন্ধ থাকত বলেও অভিযোগ। স্থানীয় সূত্রের দাবি, ঘরের চাবি থাকত ইউনিয়নের তৃণমূল নেতাদের কাছেই। পাশাপাশি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগও উঠেছে। এমনকি কলেজের ছাত্রদের দিয়েও বেআইনি কাজ করানো হত বলে অভিযোগ করা হয়েছে।