Thursday, April 23, 2026
Latestদেশ

ফের ধাক্কা খেলেন উমর খালিদ, জামিন পুনর্বিবেচনার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২০ সালের দিল্লি দাঙ্গা মামলায় অভিযুক্ত ছাত্রনেতা উমর খালিদের (Umar Khalid) জন্য বড় ধাক্কা। তার জামিন সংক্রান্ত পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ফলে আগের রায়ই বহাল থাকল এবং আপাতত তার মুক্তির সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়ল।

বিচারপতি অরবিন্দ কুমার (Aravind Kumar) এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার (N V Anjaria) বেঞ্চ এই রায় দেয়। আদালত জানায়, আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার মতো নতুন কোনও গুরুত্বপূর্ণ কারণ বা তথ্য সামনে আসেনি। সেইসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, খালিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা বিশ্বাস করার মতো প্রাথমিক ভিত্তি (prima facie case) রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি একই মামলায় উমর খালিদ (Umar Khalid) এবং শারজিল ইমামের (Sharjeel Imam) জামিনের আবেদন খারিজ করেছিল শীর্ষ আদালত। তবে একই মামলায় অভিযুক্ত কয়েকজন—গুলফিশা ফাতিমা, মীরান হায়দার, শিফা-উর-রেহমান, মহম্মদ শাকিল খান এবং শাদাব আহমেদ—জামিন পেয়েছিলেন, যা নিয়ে আইনি মহলে নানা আলোচনা শুরু হয়।

এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর Unlawful Activities (Prevention) Act বা ইউএপিএ আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে। এই আইনের অধীনে জামিন পাওয়ার শর্ত অত্যন্ত কঠিন, কারণ আদালতকে প্রথমেই সন্তুষ্ট হতে হয় যে অভিযোগের প্রাথমিক ভিত্তি নেই—যা প্রমাণ করা বেশ কঠিন।

এদিকে, দীর্ঘদিন ধরে বিচারাধীন অবস্থায় উমর খালিদের (Umar Khalid) কারাবাস নিয়েও বিতর্ক রয়েছে। অনেকেই মনে করছেন, বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার ফলে অভিযুক্তরা কার্যত বহু বছর জেলেই কাটিয়ে দিচ্ছেন। প্রাক্তন প্রধান বিচারপতি ডি. ওয়াই. চন্দ্রচূড় (D Y Chandrachud)-সহ বিচারব্যবস্থার একাংশ এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

তবে সর্বোচ্চ আদালতের এই সাম্প্রতিক রায়ের পর স্পষ্ট, আপাতত আইনি লড়াইয়ে বড় স্বস্তি মিলল না উমর খালিদের। আগামী দিনে এই মামলায় নতুন কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয় কি না, সেদিকেই নজর থাকবে।