Monday, May 25, 2026
দেশ

আকবর রোডের নাম বদলে বিপিন রাওয়াতের নামে করার দাবি বিজেপির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার দিল্লির আকবর রোডের নাম বদলের দাবি জানালো বিজেপি। ২৪ নম্বর আকবর রোডে কংগ্রেসের সদর দফতর অবস্থিত। নাম বদলে এই রোডের নাম সদ্য প্রয়াত সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতের নামে করার দাবি জানিয়েছেন দিল্লি বিজেপি-র মিডিয়া শাখার প্রধান নবীনকুমার জিন্দল।

নবীনকুমার জিন্দলের যুক্তি, আকবর ছিলেন এক জন হানাদার, আক্রমণকারী। তাই এহেন ব্যক্তির নামে দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের নাম রাখা উচিত নয়। হানাদারদের নামে রাস্তার নাম মুছে বিপিন রাওয়াতদের নামে রাখার দাবি জানান তিনি।

দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলকে (এনডিএমসি) ইতিমধ্যেই নাম বদলের দাবি জানিয়ে চিঠি লিখেছেন নবীনকুমার। চিঠিতে তিনি লিখেছেন, দেশের প্রথম সেনা সর্বাধিনায়কের স্মৃতিকে স্মরনীয় করে রাখতে দিল্লির আকবর রোডের নাম বদলের অনুরোধ জানাই। আমার মনে হয় প্রয়াত জেনারেলের স্মৃতির উদ্দেশে এর চেয়ে ভালো সম্মান প্রদর্শন আর হবে না।

নাম বদলের ক্ষেত্রে সবুজ সংকেত মিলেছে দিল্লি পুরসভার অন্দর থেকেও। এনডিএমসি-র ভাইস চেয়ারপার্সন সতীশ উপাধ্যায় বলেন, ‘‘আমি এই দাবির সঙ্গে পুরোপুরি সহমত। সোশ্যাল মিডিয়ায় এই দাবির সমর্থনে বিভিন্ন পোস্ট আমার চোখে পড়েছে। আশা করি, দিল্লি পুরসভা এই দাবি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখবে।’’

উল্লেখ্য, আকবর রোড রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। ইন্ডিয়া গেট মোড় থেকে তিন মূর্তি মোড় পর্যন্ত এই রাস্তা প্রসারিত। কংগ্রেসের সদর দফতর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবন এই রাস্তায় অবস্থিত।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।