মোথাবাড়িকাণ্ডে তৃণমূল প্রার্থীর এজেন্ট-সহ একাধিক নেতাকে তলব করলো NIA
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক আগের দিন মালদার মোথাবাড়িকাণ্ডে নতুন করে চাঞ্চল্য ছড়াল। বিচারকদের হেনস্তার ঘটনায় তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) এবার তৃণমূল কংগ্রেসের একাধিক প্রভাবশালী নেতা ও কর্মীকে তলব করেছে। রবিবার দুপুরে তাঁদের কালিয়াচক থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
এনআইএ সূত্রে খবর, নোটিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুজাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট তথা জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ আব্দুল রহমান। পাশাপাশি কালিয়াচক-১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। শনিবার গভীর রাতে তাঁদের কাছে নোটিশ পৌঁছায় বলে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত গত মাসে। মোথাবাড়িতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন কলকাতা হাইকোর্টের নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে উত্তেজনার জেরে ৭ জন বিচারককে গভীর রাত পর্যন্ত আটকে রাখা হয়। এই ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচনা করে সুপ্রিম কোর্ট মামলার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়।
এর আগে এই মামলায় সিআইডি মোট ৫২ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে অন্যতম চক্রী মোফাক্কেরুল ইসলাম। তাদের মধ্যে বেশ কয়েকজন বর্তমানে এনআইএ হেফাজতে রয়েছেন বলে সূত্রের দাবি।
এদিকে, সোমবার ভোটগণনার মাত্র কয়েক ঘণ্টা আগে শাসকদলের প্রার্থী এজেন্ট ও ব্লক সভাপতিকে তলব করায় মালদার রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীরা এই পদক্ষেপকে ‘দেরিতে হলেও সঠিক তদন্তের পথে এগোনো’ বলে দাবি করছে। অন্যদিকে তৃণমূলের একাংশের অভিযোগ, ভোটের ফল ঘোষণার মুখে এই তলবের সময় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে।
সব মিলিয়ে, মোথাবাড়িকাণ্ড ঘিরে তদন্তের গতি বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপও চরমে উঠেছে। ফলাফল ঘোষণার আগে এই তলব জেলার নির্বাচনি সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


