Monday, April 20, 2026
রাজ্য​

কেন্দ্র পেট্রোল-ডিজেলের দাম কমালেও পশ্চিমবঙ্গ কমাবে না! টুইটে ইঙ্গিত কুণাল ঘোষের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীপাবলীতে দেশবাসীকে বড় সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোল-ডিজেল শুল্ক কমিয়ে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। লিটার প্রতি পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। যার ফলে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলছে আমজনতা।

পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের আবেদন জানানো হয়েছিল দেশের রাজ্যগুলি যেন পেট্রোল ডিজেলের উপর থেকে কর কিছুটা কমিয়ে দেয়। কেন্দ্রের সেই আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে একাধিক বিজেপি শাসিত রাজ্য পেট্রোল-ডিজেল করের পরিমাণ কমিয়ে দিয়েছে। এদিকে এ প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেনি পশ্চিমবঙ্গ সরকার। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মমতা সরকারকে একাধিকবার কেন্দ্রকে আক্রমণ করতে দেখা গেছে। কিন্তু এবার কেন্দ্র দাম কমিয়ে দেওয়ার পরে পশ্চিমবঙ্গ সরকার পেট্রোল-ডিজেলের দাম কমাবে কিনা সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) টুইটে লিখেছেন, “তেল: নিজেরা দাম বাড়িয়ে সামান্য কমানোর নাটক। কর কেন্দ্র বেশি পায়। ক্ষতি কম। বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের প্রাপ্য পায়। বাড়তি পায়। কর কমালেও পুষিয়ে দেয়। বাংলা বকেয়াই পায় না। লাগাতার রেকর্ড দাম বাড়িয়ে মানুষের চোখে ধুলো দিতে কর কমানোর নাটক। আগে মূল দাম কমানো হোক।” অর্থাৎ, বিজেপি শাসিত রাজ্যগুলো পেট্রোল ডিজেলের উপর থেকে কর কিছুটা কমালেও পশ্চিমবঙ্গ সরকার সে পথে না হাঁটতে পারে, এমনটাই ইঙ্গিত দিলেন এই তৃণমূল নেতা।


উল্লেখ্য, ইতিমধ্যেই বাম শাসিত কেরল সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, সে রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম কমাতে পারবে না তাঁরা। কারণ হিসেবে বলা হয়েছে, তাঁদের রাজ্য আর্থিকভাবে গুরুতর সমস্যার মধ্যে রয়েছ।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।