দিল্লিতে ১১ বছরের মেয়েকে অপহরণ, ধর্ষণ এবং হত্যা; অভিযুক্তকে এনকাউন্টার করলো পুলিশ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজধানী দিল্লিতে ১১ বছরের মেয়েকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার চাঞ্চল্যকর মামলায় গ্রেপ্তার ক্যাব চালককে পুলিশ এনকাউন্টারে গুলি করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করছিল, সেই সময় তাকে গুলি করা হয়। অভিযুক্তের পায়ে গুলি লেগেছে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, মেয়েটি তার পরিবারের সঙ্গে ফুটপাতে ঘুমাচ্ছিল। সোমবার ভোর ৫টার দিকে ক্যাব চালক তাকে তুলে নেয়। খবর পেয়ে দিল্লি পুলিশ অবিলম্বে মেয়েটিকে খুঁজে বের করতে বেশ কয়েকটি বিশেষ দল গঠন করে এবং ক্যাব চালককে গ্রেফতার করে। গ্রেফতারের পর অভিযুক্ত তার অপরাধ স্বীকার করে, সে ধর্ষণের পর মেয়েটিকে খুন করে তার লাশ ফরিদাবাদ-গুরুগ্রাম সড়কের পাশে ফেলে দিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে চালকের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেছে।
একজন সিনিয়র পুলিশ অফিসার বলেছেন, ‘অভিযুক্ত প্রায় ৩০ বছরের ক্যাব চালক এবং বিহারের বাসিন্দা। ভোর পাঁচটার দিকে মেয়েটিকে অপহরণ করে, যখন সে তার পরিবারের সাথে ঘুমাচ্ছিল। পুলিশ অপহরণের মামলা রুজু করে মেয়েটির খোঁজ শুরু করে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ক্যাব চালককে খুঁজে পাওয়া গেছে ওই কর্মকর্তা জানান, মেয়েটিকে খুঁজে বের করতে এবং অভিযুক্তদের শনাক্ত করতে প্রায় ২০টি দল গঠন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ করার পর অভিযুক্ত একই জায়গায় ফিরছিল, কিন্তু কাছাকাছি পুলিশের দল দেখে পালিয়ে যায়। পুলিশ তার কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং অপরাধের ছয় ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার গভীর রাতে ঘটনাস্থল থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার করে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

